বুধেও কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গে! সঙ্গে তুমুল বৃষ্টিও, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিল শুরু হতে না হতেই ভ্যাপসা গরমে রীতিমত কাবু হয়ে গিয়েছিল রাজ্যবাসী। এমতাবস্থায় গরমের দাপটের মধ্যেই বড় স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal)। আবহাওয়া দপ্তরের দুর্যোগের আশঙ্কাকে সত্যি করেই গতকাল রাতে কালবৈশাখীর তাণ্ডব শুরু হল গোটা রাজ্যে। ঝড় বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা। আশঙ্কা করা হচ্ছে আগামীকালও সেই দুর্যোগ (Weather Tomorrow) এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। আর এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। সেই কারণে বঙ্গের আবহাওয়ায় দুর্যোগের আশঙ্কাও বেশ বেড়েছে। তাই আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দুর্যোগের প্রবল আশঙ্কা পরিলক্ষিত হয়েছে। তার সঙ্গে ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই হালকা রোদের আভা দেখা গেলেও বিকেল থেকেই মেঘের আনাগোনা দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বইতে পারে। তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল রাতে কালবৈশাখীর জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। পারদ প্রায় ২.৫ ডিগ্রি নেমে যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে সকলে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এই বৃষ্টি দুর্যোগ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি কমতেই ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশ বাড়বে। দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে। তাই আগামীকালও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।

আরও পড়ুন: ৫ বছরে সম্পত্তি বেড়েছে তিনগুণ! রয়েছে অঢেল সোনা, শিক্ষাগত যোগ্যতা কী সুজিত বসুর?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল, বুধবারও উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওইদিন বৃষ্টির পাশাপাশি ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আশঙ্কা করা হচ্ছে ঝড়ের দাপট বাড়বে। উত্তরের পাহাড়ি এবং ওপরের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে থাকতে পারে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। ১০ তারিখ পর্যন্ত মালদা ও দুই দিনাজপুরে রোজ ঝড়বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি দুর্যোগের ফলে আগামী তিনদিনে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তবে এরপর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।

google button