দক্ষিণবঙ্গের ৫ জেলায় লু-র আশঙ্কা! রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস পড়তে না পড়তেই তাপপ্রবাহের (Heat wave) মতো পরিস্থিতি শুরু হল দক্ষিণবঙ্গে (Weather Today)। শীত, প্রাক বর্ষার বৃষ্টি এখন অতীত, এবার দরদর করে ঘামতে শুরু করেছেন সকলে। মাথার ওপর সূর্য জানান দিচ্ছে, ছাতা সঙ্গে রাখার। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় হাঁসফাঁস করা গরম পড়তে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে আজ শুক্রবার কি স্বস্তির বৃষ্টি পাবে বাংলা? এই নিয়ে বিরাট আপডেট জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের ভ্রূকুটি রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, আজ বাংলার বিভিন্ন জেলায় জেলায় তাপপ্রবাহ, লু-এর মতো পরিস্থিতি তৈরি হবে। এদিন গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং পুরুলিয়া জেলায়। তীব্র গরমের জন্য উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

বিশেষ করে আগামী ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই সময় মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া বইবে, যার ফলে অস্বস্তি বাড়বে বহুগুণ। তাহলে কি একেবারেই আর ঝড় বৃষ্টি হবে না?

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গে হাঁসফাঁস করা গরম থাকলেও উত্তরবঙ্গে ভালো মতো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ যশোর রোডে কমবে যানজট, বারাসতে হতে চলেছে ত্রিমুখী ফ্লাইওভার

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন শনিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? জানা গিয়েছে, এদিন আবার তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কতাহ বললে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button