সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ক্রমশ গরম হচ্ছে বাংলার আবহাওয়া। মাঝেমধ্যে ঠান্ডা হাওয়া এবং শীত মন প্রাণ জুড়িয়ে দিলেও আর এ মরসুমের মতো শীত বিদায় নিয়েছে সেটা জানিয়েছেন আবহাওয়াবিদরা। যাইহোক, একটাই রক্ষে রাত এবং ভোরের দিকে শীতটা টের পাচ্ছেন মানুষ। তবে এই আরামও আর বেশিদিন নেই। আজ সোমবার সকাল থেকেই শীত শীত ভাব রয়েছে সর্বত্র। সেইসঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়া। আবার অপরদিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। প্রশ্ন উঠছে, বৃষ্টি হবে? আজ সোমবারই বা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে চলুন সে বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। নতুন সপ্তাহের শুরু থেকে শীত শীত ভাব রয়েছে বেশ কিছু জেলায়। হাওয়া অফিসের মতে, সোমবার বীরভূম, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মোটের ওপর ঠান্ডা থাকবে। তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে কলকাতায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চলতি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ পারদ ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) চলতি বছর দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে যখন তাপ বাড়বে, তখন দার্জিলিং এবং জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের ঠান্ডা এবং মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। সকাল থেকেই জেলায় জেলায় রয়েছে শীতল আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভাল কুয়াশার দেখা মিলেছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে।
আরও পড়ুন: যুবসাথী প্রকল্প কারা পাবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, ফর্ম ডাউনলোড (PDF), সবকিছু একসাথে
IMD-র তরফে জানানো হয়েছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার থেকেই উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ছিল। ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্তও ঘূর্ণাবর্তটি একই অবস্থান ধরেও রেখেছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিকেলে জানানো হয়, সেটি ওই একই অবস্থা ধরে রেখেছে এবং আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এরজন্য রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস এখনও অবধি নেই।











