প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা মার্চ মাস জুড়েই ঝড় বৃষ্টি এবং রোদের এক অদ্ভুত কম্বিনেশন উপভোগ করেছে রাজ্যবাসী। পরিস্থিতি এমন হয়েছে যে রাতের বেলায় চাদর গায়ে দিয়ে ঘুমোতে হয়েছে সকলকে। দিল্লিতেও বৃষ্টির জেরে অনেকটাই কমেছিল তাপমাত্রা। কিন্তু এপ্রিল মাস পড়তে না পড়তেই দক্ষিণে (South Bengal) গরমের চোখরাঙানি যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হয়েছে বাইরে। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দিল হাওয়া অফিস।
এপ্রিল মাস শুরু হতে না হতেই দক্ষিণবঙ্গে গরমের দাপট যেন আচমকা বেড়ে গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বেশ চরম আকার নিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছনোর আশঙ্কা বার্তা দিয়েছে হাওয়া অফিস। তবে গরমের জালে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গও ভুগছে। চলতি সপ্তাহেই নাকি সেখানে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে স্বস্তির বিষয় আগামীকাল থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা হল, রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। গরম অনেকটাই বাড়বে। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছবে। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠবে। তাই ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোর একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে রবিবার, অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুন: আর বসবে না ট্রাইবুনাল? ভোট দান থেকে বঞ্চিত হবেন কত লাখ? বড় খবর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ৫ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। তবে রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার আবার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।












