সহেলি মিত্র, কলকাতাঃ আরও শক্তি বাড়াল ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে ঝাড়খণ্ডের উপর নতুন করে কালবৈশাখীর মেঘ-পুঞ্জ তৈরি হতে শুরু করেছে, যা ক্রমশই পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ বুধবার বাংলার অধিকাংশ জেলায় তুমুল বৃষ্টি (Weather Today) এবং কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। ভেসে যাবে একের পর এক জেলা। সেইসঙ্গে মুহুর্মুহু বাজ পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আজ বুধবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আইএমডি কলকাতা জানিয়েছে, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে ২২শে মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। এছাড়াও দুর্যোগ চলতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ আজ পর্যন্ত গড়ায়নি ট্রেনের চাকা, দেশের সেই রাজ্যেই রেলপথ তৈরিতে মিলল বিরাট সাফল্য
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।












