প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছিল ৷ কিছুদিন আগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল গোটা রাজ্য, আর এবার ফের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে গতকাল অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কয়েকটি জেলায় আগামীকালও (Weather Tomorrow) বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ পড়তেই না পড়তেই উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হয়েই চলেছে। যদিও শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকেই কলকাতা-সহ পুরো রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। যদিও হাওয়া অফিস বলছে, ঝড়-বৃষ্টি হলেও আগামী সাতদিন রাজ্যের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে, রোদের দেখা মিলবে না বললেই চলে। আগামীকাল, হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কমবেশি সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময়ে সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থাকার অনুরোধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি, ১০০-র গণ্ডি টপকাবে?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। মালদা ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। পাহাড়ে প্রায় পুরো সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টি, সঙ্গে ঝড়। আগামী সাত দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।












