সহেলি মিত্র, কলকাতাঃ সুখের দিন শেষ, বৃষ্টি কমে ফিরতে চলেছে গরম। আজ শুক্রবার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Today) থাকলেও শনিবার থেকে বৃষ্টি কমে যাবে। পাল্লা দিয়ে বাড়বে গরমের দাপট। চাঁদিফাটা গরমে নাজেহাল হবেন বঙ্গবাসী। আজও আকাশ কালো করে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ একাধিক জেলা। যদিও বেলা বাড়তেই হাওয়া বদল শুরু হবে। আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
জানা গিয়েছে, বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ব বায়ুচক্রবর্তী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া পূর্ব পশ্চিম অক্ষরেখাটি এখন উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত থেকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাদেশ অঞ্চলের ঘূর্ণাবর্ত অতিক্রম করে মণিপুর অবধি বিস্তৃত রয়েছে। এছাড়া ওড়িশাতেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
আরও পড়ুনঃ বন্দে ভারতের থেকেও দ্রুত গতি! ২২০ কিমি বেগের হাইস্পিড ট্রেন আনছে ভারতীয় রেল
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর।












