প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষ লগ্নে এসেও রেহাই নেই, রাজ্য জুড়ে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দাপট অল্প কমলেও উত্তরবঙ্গে দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। এরই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ (Weather Tomorrow) বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণেও চলতি সপ্তাহের শেষের দিকে বাড়বে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে, আর সেটাই বাস্তবের রূপ নিল। গত শনিবার থেকে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও কমেনি গরম। চাপা অস্বস্তি রয়েই গিয়েছে। এদিকে দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সংকেত দিল হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের দিকে মেঘ কেটে গেলেও রোদের দেখা মিলবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। তবে রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কিন্তু বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আরও পড়ুন: ভবিষ্যতের মুখ কমরেডের বিরুদ্ধে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তিতে SFI
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশ বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি। ফলে সকাল থেকেই পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলে খবর। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাতদিন এখানে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।












