বিকেল হতেই দুর্যোগের হাতছানি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টির ভ্রূকুটি

Published:

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ মিনিটে পাল্টি খাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। দিনের বেলা মেঘলা আকাশ, অস্বস্তিকর গরম থাকলেও রাত হলেই নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। মূলত ঘূর্ণাবর্ত এবং স্কোয়াল ফ্রন্টের দাপটে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ হাওড়া, হুগলী, নদীয়া সহ বাংলার অধিকাংশ জেলায়। আজ মঙ্গলবার সকাল থেকেই রোদের দাপট রয়েছে বাংলায়। যদিও রাতভর টানা ঝড় বৃষ্টির কারণে আবহাওয়া মোটের ওপর ঠান্ডাই রয়েছে। তবে দুপুর হতে না হতেই আকাশ ঘনাতে শুরু করেছে। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

আজও দিনভর দুর্যোগের আশঙ্কা বাংলায়

হাওয়া অফিস সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পেয়েছে। এদিকে আদ্রতা জনিত গরমের পরিমাণও কম থাকবে দক্ষিণবঙ্গজুড়ে। দুপুর গড়ালেই নতুন করে ঝড় বৃষ্টির দাপট দেখতে পাবেন বঙ্গবাসী বলে খবর। কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা? হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি কালবৈশাখী হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাংলার বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশের উপর থেকে বিদর্ভ ও ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ লাইন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ পয়লা বৈশাখে ভারতে আসবে পদ্মার ইলিশ! সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য বাংলাদেশের

এছাড়া, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র দক্ষিণ-পূর্ব ও দক্ষিণী হাওয়ার প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে প্রচুর আর্দ্রতা প্রবেশ করছে। যে কারণে বাংলায় ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিনে আরও ৩–৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে বলে খবর। এদিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বুধবার থেকে দুই বঙ্গেই বৃষ্টি বাড়বে। থান্ডারস্কোয়াল, সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী এবং হাওড়া জেলায়। জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

google button