কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

Published:

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ আচমকা বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, হাওয়াও বইছে বেশ ভালোই। তবে বাতাসে রয়েছে গুমোট ভাব। গত দুদিন আগে অবধি কলকাতা সহ বাংলার জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির দাপট ছিল তা বৃহস্পতিবার থেকেই কমে গিয়েছে। এরপর আজ শুক্রবার সকাল থেকেই হালকা গরম ভাব রয়েছে। তবে চিন্তা নেই, কারণ দুপুর বা বিকেলের দিকে ফের একবার জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি বাড়ির বাইরে আছেন বা বেরনোর প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার মতিগতি কেমন থাকবে সে সম্পর্কে।

আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়

আসলে একের পর এক ঘূর্ণাবর্ত এখনও বিরাজ করছে বিভিন্ন জায়গায়। যে কারণে বাংলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যদিও সুখের দিন শেষ, আগামী কয়েকদিনে বাংলার তাপমাত্রা এক লাফে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের অবধি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা। জেলায় জেলায় দাপট চলবে তাপপ্রবাহের। বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়বে। যাইহোক, তার আগে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট কিছুটা বেশি হতে পারে। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ আবার উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি, ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ দেশের মানুষের কত আয়, কাকে টাকা পাঠাচ্ছে সব জানবে সরকার! শুরু হচ্ছে সার্ভে

এদিকে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর।