সহেলি মিত্র, কলকাতাঃ ফের নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যে কারণে বদলে যাবে বাংলার আবহাওয়া (Weather Today)। ফের কি ঝেঁপে ঝড় বৃষ্টি হবে নাকি গরম বাড়বে? আজ সোমবার সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বৃষ্টি নিয়ে সুখবর শুনিয়েছে। নতুন সপ্তাহের শুরু থেকেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বাংলায়। আজ কি বৃষ্টি হবে? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে সামান্য হলে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামেও। কলকাতা শহরের আবহাওয়া শুষ্ক থাকবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর অবধি বিস্তৃত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিরাজ করছে। এরইসঙ্গে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে প্রধানত শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকের বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আদ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা প্রবল। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। জানা গিয়েছে, এদিন থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাওনা রয়েছে। গরমের সঙ্গেই তালে তাল মিলিয়ে টানা ১৭ এপ্রিল অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও আদ্র ও গরম আবহাওয়া চোখ রাঙাবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।












