সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা নববর্ষের আগে ফের একবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) বদলের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এমনিতেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বৃষ্টি কমে তীব্র গরম পড়তে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। দরদর করে ঘামছে ৮ থেকে ৮০ সকলে। এই সময়ে শরীর ঠিক রাখাই যেন চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। যদিও চিন্তা নেই, গরম কমাতে বৃষ্টি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ রবিবার দুপুর বা বিকেলের পর কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বিকেলেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা!
এমনিতেই দুদিন ধরে বৃষ্টি কমে বাংলায় শুষ্ক এবং গরম আবহাওয়ার দাপট চলছে। মাঝে মধ্যে দমকা হাওয়া দিলেও গরম সেই থেকেই যাচ্ছে। যদিও একেবারে যে বাংলা বৃষ্টিহীন সেটা বললে ভুল হবে। কারণ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আজ রবিবারেও যার ব্যতিক্রম ঘটবে না। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও এখন দুপুরে আকাশ ঘনাতে শুরু করেছে। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। বইছে ফুরফুরে হাওয়া। সোমবার থেকে জেলায় জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকলেও আজ বিকেলের পর আবহাওয়া বদলের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ বন্দে ভারত স্লিপার থেকে হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে ঘটতে চলেছে ৮ বড় পরিবর্তন
আজ যেমন বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর সোমবার শুষ্ক থাকলেও মঙ্গলবার ও বুধবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে। অর্থাৎ একেবারে বাংলার আকাশ মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত থাকবে না।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বৃষ্টির কারণে মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলিতে। ছুটির দিন ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে বেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তীতে তাপমাত্রায় বড় রকমের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।












