প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের মেজাজে মেতে উঠেছে রাজ্যবাসী। কিন্তু শুরুতেই রোদের তেজ এতটাই বেড়ে গিয়েছে যে বাড়ি থেকে বেরোনো বেশ চাপের। তার সঙ্গে আবার বাড়ছে তাপমাত্রা (Weather Tomorrow)। হাওয়া অফিসের পূর্বাভাস ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নাকি আরও চড়তে পারে পারদ। মার্চ থেকে পুরোদমে গরম পড়ে যাবে। ৪০ ডিগ্রি পার করবে তাপমাত্রার পারদ। অর্থাৎ দোলের সময় কাঠফাটা রোদ থাকবে রাজ্য জুড়ে।
আগের বছরের মত এই বছরেও ফেব্রুয়ারিতেই শীত বিদায় নিয়েছে প্রায়। যদিও আগেই ভবিষ্যৎবাণী করেছিল হাওয়া অফিস। তাই এখন সেই পূর্বাভাসই মিলছে। কলকাতা সহ গোটা বঙ্গেরই তাপমাত্রা চড়ছে। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেই নাকি ১৯ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার রাতের তাপমাত্রা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামিকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরের শীতল হাওয়া আপাতত আর ঢুকছে না রাজ্যে। তবে এখনই গরম হাওয়াও না ঢোকায় শীতের আমেজ হালকা বজায় থাকবে। তবে রাতের দিকে শীতের অনুভূতি থাকবে। আগামী সাত দিন রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহেই শীত পাকাপাকিভাবে লোটা কম্বল গুটোবে।
আরও পড়ুন: তালিকা থেকে নাম বাদ গেলেও দেওয়া যাবে ভোট! কীভাবে? জানাল কমিশন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ধীরে ধীরে শীতের আমেজ অনেকটাই কমতে চলেছে। যদিও উত্তরবঙ্গের দু’-একটি জায়গাতেও স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। আগামী কয়েকদিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আপাতত রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। কুয়াশার দাপট দেখা যাবে বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভোরেও থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।











