প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্য ফেব্রুয়ারিতেই হরেক রকম খেল দেখাচ্ছে আবহাওয়া। প্রতিনিয়ত তাপমাত্রার নামা-ওঠা চলছেই। ভোর এবং সন্ধের দিকে কখনও হালকা শীতের অনুভূতি আবার কখনও দিনের বেলায় চড়া রোদে লাগছে গরম (Weather Tomorrow)। আর তাতেই বাড়ছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। তবে শীতের সুখ যে আর বেশিদিন নেই তা বুঝতে বাকি নেই কারোর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হতে চলেছে পারদ।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বর্তমানে তা নিম্নচাপে পরিণত হয়েছে। যেটি এখন মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পাশাপাশি পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আগামীকাল। আর এই নিম্নচাপের জেরে কলকাতার পারদ বাড়বে অনেকটাই। সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে হালকা শীত শীত ভাব বিরাজ করলেও দুপুরের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। চড়চড় করে বাড়বে দুপুরের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি রাতের শিরশিরানিও উধাও হতে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে বাড়তে চলেছে তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আরও পড়ুন: কমিশনকে ‘তুঘলকি’ বলে কটাক্ষ! নবান্ন থেকে একের পর এক তোপ মমতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। নিচু এলাকাগুলি যেমন শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ঘূর্ণাবর্তের জেরে কুয়াশা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তরের সব জেলাতেই।












