প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিনিয়ত পারদের নামা-ওঠা চলছেই রাজ্য জুড়ে। চারিদিকে এখন বসন্তের আমেজ। উত্তরের জেলাগুলিতে এখনও শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও দক্ষিণের জেলাগুলিতে এই সপ্তাহের শুরু থেকেই দিনের বেলায় শীতের (Weather Tomorrow) রেশ প্রায় উধাও। রোদের তেজও বেশ চড়া। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে চারিদিকে বইছে শুষ্ক হাওয়া। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহেই আরও বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা।
হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে, নতুন করে আরও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আবহাওয়ায় নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরাসরি তাতে বাংলার উপর খুব একটা প্রভাব পড়ছে না। শুধু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আশা করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও কমে যাবে এই সপ্তাহেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণের সমগ্র জেলায়। তবে শীতের আমেজ ধীরে ধীরে কমবে। জানা গিয়েছে ভোরের দিকে হালকা শীত শীত ভাব থাকলেও বেলা বাড়তেই বাড়বে রোদের তেজ। এমনকি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে কয়েকটি জেলায়। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। পরবর্তী সপ্তাহে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে এখন কুয়াশার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন: দায়ের বধূ নির্যাতনের মামলা, বিচ্ছেদের পথে দেবলীনা নন্দী, প্রবাহের থেকে খোরপোশের দাবি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীতের আমেজ ধীরে ধীরে কমতে চলেছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এছাড়াও উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।











