শীতের শেষ লগ্ন, দক্ষিণ-উত্তরবঙ্গে বাড়ছে রোদের তেজ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে শীতের অনুভূতি। ফেব্রুয়ারি শুরু হতে না হতেই রাজ্য জুড়ে হঠাৎ শীতের তীব্রতা (Weather Tomorrow) কমতে শুরু করেছে। সকাল এবং রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও দিনের বেলায় বাড়তেই থাকে তাপমাত্রা, আর তার সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। তবে এবার ধীরে ধীরে সেই হালকা শীতও চলে যেতে বসেছে, বদলে যাচ্ছে আবহাওয়ার মুড। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রার গ্রাফ আরও বেশ কিছুটা বাড়বে।

হাওয়া অফিসের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশেই তাপমাত্রার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এখনই ৩০-৩১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে বেশ কিছু জেলায়। ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পশ্চিমাঞ্চলের পারদ। শুধু দক্ষিণবঙ্গ নয়, রোদের তেজ বাড়ছে উত্তরবঙ্গেও। ৩০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা। যার ফলে অনেকেই ভাবছে যে এখনই গরম পুরোপুরি আসেনি আর তাতেই এত বাড়ছে তাপমাত্রা। যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছে যে মার্চের দোরগোড়াতেই তাপমাত্রা ৪০ এর ঘরে ঢুকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা শুষ্ক থাকবে। এছাড়াও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বাড়বে। পরবর্তী সপ্তাহে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আগামীতে এই তাপমাত্রা আরও বাড়বে। তবে এইমুহুর্তে ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

আরও পড়ুন: শিলিগুড়িতে বদলাতে চলেছে ‘BJP’-র নাম, কী হবে নতুন পরিচয়?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও এখন শীত বিদায়ের বাজনা বেজেছে। পাহাড় থেকে সমতল সব জেলাতেই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকেও কালিম্পং-সহ সমতলের জেলায় ১১ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকবে পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের নীচের দিকের জেলায় ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে কুয়াশার সম্ভাবনা একটু হলেও বেশি থাকতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বাড়বে, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now