বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। সে কারণেই ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু যাঁদের কাজ ভোটের আগে এবং ভোট পরবর্তী বিশৃংখল পরিস্থিতি আটকানো তাঁরাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছেন। সম্প্রতি এমন দৃশ্যই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, বীরভূমের এক তৃণমূল কার্যালয়ে ক্যারাম খেলতে ঢোকেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জাওয়ান। এবার সেই ঘটনায় তিন জওয়ানকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন।
ক্যারাম খেলাই কাল হল?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে একেবারে স্পষ্ট দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের সাথে ক্যারাম খেলছেন দুজন জাওয়ান। একজন পাশেই একটি চেয়ারে বসে রয়েছেন। কোনও দিকে মন না দিয়ে ক্যারামে ফোকাস করেছেন সকলেই। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয় বিতর্ক। নেট নাগরিকদের অনেকেরই অভিযোগ, তৃণমূল নাকি ওই জওয়ানদের টাকা খাইয়েছে!
নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এই মুহূর্তে বলবৎ রয়েছে আদর্শ আচরণবিধি। এমতাবস্থায়, বিভিন্ন এলাকায় রুট মার্চ না করে তৃণমূল কর্মীদের সাথে ক্যারাম খেলার ঘটনায় তিনজন জাওয়ানকে চিহ্নিত করার পাশাপাশি তাঁদের সকলকেই সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলীয় কার্যালয়ে ঢুকে ক্যারাম খেলার মতো অভিযোগ থাকায় তাঁরা আর নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন না।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় জায়গা পেতে মরিয়া, KKR এ নতুন ভূমিকায় দেখা যেতে পারে এই প্লেয়ারকে
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গের মোট 294টি বিধানসভা আসনে নির্বাচন। এরপর 4 মে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। আর তার আগে যাতে কোনও ভাগে বাংলায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেটাই লক্ষ্য নির্বাচন কমিশনের।












