পশ্চিমবঙ্গে CAA নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের! দ্রুত নাগরিকত্ব দিতে গঠিত হল বিশেষ কমিটি

Published:

New Empowered Committee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নাগরিকত্ব আইন নিয়ে বড় পদক্ষেপ। এবার CAA এর জন্য পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি ‘এমপাওয়ার্ড কমিটি’ (New Empowered Committee)গঠনের নির্দেশ জারি করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। যার জেরে এক ব্যস্ততামূলক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এই অবস্থায় CAA প্রসঙ্গ উঠতেই নড়ে চড়ে বসল কেন্দ্র। ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই ‘এমপাওয়ার্ড কমিটি’-র নেতৃত্বে থাকবেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল।

‘এমপাওয়ার্ড’ কমিটি গঠনের ঘোষণা বাংলায়

রিপোর্ট মোতাবেক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল ২০ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি ‘এমপাওয়ার্ড’ কমিটি গঠনের ঘোষণা করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সংক্রান্ত নিয়ম-নীতি ২০২৪ সালের মার্চ মাসেই ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জানিয়েছিল, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের নাম নথিভুক্ত করা এবং যাঁরা নথিভুক্ত করেছেন তাঁদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হবে। এ বার সেই প্রক্রিয়াও শুরু হতে চলেছে রাজ্যে।

New Empowered Committee

বিশেষ পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রকের

এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকায় বহু মতুয়া, উদ্বাস্তুর নাম বাদ গিয়েছিল। যার জেরে প্রশ্নের মুখে পড়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও বেড়েছে মতুয়াদের উদ্বেগ। আগামী ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, তাতেও অনেক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আবহে বাংলার জন্য বিশেষ কমিটি গড়ল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি গড়েছে শাহের মন্ত্রক।

কে কে হবেন কমিটির সদস্য?

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এমপাওয়ার্ড কমিটির সদস্যরা হবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক কর্মকর্তা, সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত এক আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC), পশ্চিমবঙ্গের স্টেট ইনফরমেটিক্স অফিসারের মনোনীত এক আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা, পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল বা তাঁর মনোনীত একজন ডাক বিভাগের কর্মকর্তা। এবং এই কমিটির বৈঠকে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারির একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের একজন প্রতিনিধি।

আরও পড়ুন: ৬ মাস বন্ধ ছিল টাকা! হাইকোর্টের চাপেই ময়নায় ফের চালু লক্ষ্মীর ভাণ্ডার

প্রসঙ্গত, রাজ্যে নিবার্চনের আবহে SIR নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েই চলেছে। তার উপর CAA-তে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের। এর ফলে দুই প্রক্রিয়া নিয়ে মহাবিতর্ক তৈরি হয়। অনেক জায়গায় শোনা যাচ্ছে CAA-তে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম SIR-এ বাদ যেতে পারে। সেই কারণে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ দুশ্চিন্তার মুখে পড়েছে। অন্যদিকে মতুয়াদের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে চরমে রাজনৈতিক অসন্তোষও তৈরি হয়েছে। এই অবস্থায় এমপাওয়ার্ড কমিটি বড় আশ্বাস যোগাচ্ছে। মনে করা হচ্ছে এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now