যুবসাথী প্রকল্প ফর্ম ডাউনলোড (pdf) করে কীভাবে পূরণ করবেন? জানুন এক ক্লিকেই

Published:

Banglar Yuva Sathi Scheme Application form Fill up Process
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্য নিশ্চিত মাসিক ভাতার ব্যবস্থা করতে বিশেষ প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেই জানানো হয়েছিল আগামী 15 আগস্ট থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, আগস্ট নয় বরং এপ্রিলের প্রথম তারিখ থেকেই মিলবে বেকার ভাতা। আগেই প্রকাশ্যে এসেছিল যুবসাথী প্রকল্পে আবেদনের তারিখ। এবার প্রকাশ্যে এলো যুবসাথীর আবেদন ফর্মও। কীভাবে আবেদন করবেন? দেখে নিন।

কবে থেকে শুরু হবে যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া?

সরকারি গাইডলাইন অনুযায়ী, রাজ্যের সকল যোগ্য বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্প থেকে মাসিক 1500 টাকা পেতে হলে আগামী 15 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকেই রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হবে আবেদন গ্রহণের কাজ। যা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আপাতত যা খবর, এ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের কাজ চলবে ক্যাম্পগুলিতে।

কারা আবেদন করতে পারবেন?

রাজ্যের বেকার অথচ শিক্ষিত যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প যুবসাথী চালু করার পরই মাননীয়া মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, যাঁরা আদতেই বেকার অর্থাৎ কোনওরকম কর্মসংস্থানের সাথে যুক্ত নন। বিশেষ করে সরকারি চাকরি বা প্রতিষ্ঠিত বেসরকারি চাকরি করেন না। তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য। সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 21 থেকে 41 বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্প থেকে মাসিক ভাতা পেতে হলে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে। তাছাড়াও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই প্রকল্পের সুবিধা মিলবে।

তবে যাঁরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প থেকে মাসিক ভাতা পান তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, এমনকি বিকাশ ভবনের মতো স্কলারশিপের সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য।।

কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন?

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে যুবসাথীর আবেদন ফর্ম প্রকাশ্যে এসেছে। অনলাইন থেকেই ডাউনলোড করা যাচ্ছে সেই ফর্ম। পরবর্তীতে ওই আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। কীভাবে পূরণ করবেন সেই আবেদন পত্র?

প্রথমেই বলি, যুবসাথীর যে ফর্ম প্রকাশিত হয়েছে তাতে মূলত দুটি পৃষ্ঠা আছে। ওই দুটি পেজই পূরণ করে জমা দিতে হবে ক্যাম্পে। এর মধ্যে প্রথম পাতায় একেবারে ডানদিকে রয়েছে পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করার জায়গা। সেখানেই আবেদনকারীকে নিজের রঙিন একটি ছবি অ্যাটাচ করে দিতে হবে। পাশাপাশি ওই ছবির উপরেই একটা ছোট্ট সিগনেচার করতে হবে আবেদনকারীকে।

প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আবেদনপত্রের প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বর পেতে হলে ফর্ম নিয়ে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশন করালেই রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন। ওই নম্বরটি প্রথম বক্সে বসাতে হবে। এরপর দ্বিতীয় বক্সে লিখতে হবে নিজের আধার নম্বর। উপরেই পরিষ্কারভাবে লেখা রয়েছে পুরো আবেদন পত্র পূরণ করতে হবে বড় হরফের ইংরেজি অক্ষরে। আধার নম্বর লেখার পর নিচে রয়েছে উপভোক্তার নামের বক্স। সেখানে আবেদনকারীকে তাঁর নিজের নাম লিখতে হবে যা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে রয়েছে। এক কথায় অ্যাডমিটে নামের যা বানান রয়েছে বড় হাতের ইংরেজি অক্ষরে সেটাই লিখতে হবে।

তৃতীয় ধাপে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বরটি লিখতে হবে। এরপর ইমেল আইডি থেকে থাকলে সেটিও লিখতে হবে নিচের বক্সে। পরের বক্সে লিঙ্গ অর্থাৎ পুরুষ, মহিলা বা অন্যান্য তিনটি বক্সের মধ্যে সঠিক বক্সে টিক চিহ্ন দিতে হবে। পরবর্তীতে নিজের সঠিক জন্ম তারিখ তারিখ/মাস/বছর ফরম্যাটে বসাতে হবে। পাশের বক্সে 2026 সালের 1 এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স যা হচ্ছে সেটা বসাতে হবে। নিজের বক্সে লিখতে হবে নিজের বাবার নাম। পরবর্তী বক্সে লিখতে হবে মায়ের নাম। এছাড়াও আবেদনকারী যদি বিবাহিত হন সেক্ষেত্রে নিচের বক্সটিতে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে।

অবশ্যই পড়ুন: ‘আমরাও কমিটি গঠন করেছি’, অবশেষে DA নিয়ে মুখ খুললেন মমতা

এর পরের বক্সে নিজের শ্রেণি অর্থাৎ কেউ যদি সাধারন শ্রেণীভুক্ত বা জেনারেল কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সেই কস্টের উপর টিক চিহ্ন দিতে হবে। তাছাড়া তপশিলি জাতি, তপশিলি উপজাতি অথবা OBC এর মধ্যে যেটি আপনার কাস্ট সেই কাস্টের উপর টিক চিহ্ন দিতে হবে। জেনারেল কাস্ট বাদে বাকি শ্রেণীগুলির মধ্যে হলে নিজেদের কাস্ট সার্টিফিকেটের নম্বর বসাতে হবে নিচের বক্সে। এরপর বিবাহিত হয়ে থাকলে বিবাহিত বা ম্যারেড বক্সে টিক করতে হবে। না হয়ে থাকলে অবিবাহিত বা আনম্যারেড এ টিক করুন। তাছাড়া বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা অপশনও রয়েছে।

এর পরের বক্সে একে একে নিজের বাড়ির নম্বর অথবা প্রাঙ্গণ নম্বর, গ্রাম অথবা শহরের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর, পৌরসভা হয়ে থাকলে পৌরসভা অথবা ব্লকের নাম, থানার নাম, জেলার নাম ও পিন কোড নম্বর বসাতে সাথে হবে। রাজ্যের নাম দেওয়াই থাকবে। আবেদন পত্রের পরবর্তী পৃষ্ঠায় প্রথম বক্সেই বসাতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল, নম্বর এবং যে বছরে মাধ্যমিক দেওয়া হয়েছিল সেই বছর। এরপর যেই বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন সেই বোর্ডের নামের উপর টিক চিহ্ন দিতে হবে। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে নিচে বর্তমান পেশার জায়গায় নিজের বর্তমান পেশা অথবা স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখে দিতে পারেন।

পরের বক্সে নিজের ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের শাখার নাম, মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড বসাতে হবে। এরপরের বক্সে রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত স্কলারশিপ ছাড়া অন্য কোনও সরকারি প্রকল্পের টাকা পান কিনা তা জানাতে হবে। পেয়ে থাকলে হ্যাঁ, না পেলে না বক্সে টিক করতে হবে। যদি পেয়ে থাকেন সে ক্ষেত্রে নিচে বিবরণ দিতে হবে ওই প্রকল্পের। আবেদন পত্রের ঠিক পরের বক্সে রয়েছে একাধিক নথিপত্রের তালিকা।

যার মধ্যে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স এর মতো নথি। যেগুলি আপনি আবেদনপত্রের সাথে জমা দেবেন পাশের বক্সে সেগুতে টিক করতে হবে। এরপর নিজের সেল্ফ ডিক্লারেশন ফর্ম পড়ে নিচে আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় একটি সই করে দিতে হবে এবং বাঁদিকে যেদিন আবেদন করছেন সেদিনের তারিখ লিখে নিকটবর্তী ক্যাম্পে জমা দিয়ে দিন। পরবর্তীতে ক্যাম্পের আধিকারিকরা নিচে থাকা ছোট্ট অংশটুকু পূরণ করে সিল করে ওই অংশটি কেটে আবেদনকারীকে দিয়ে দেবেন।

যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম- ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now