বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে নতুন প্রকল্প যুবসাথীর (Banglar Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। সরকারি গাইডলাইন অনুযায়ী, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রত্যেকদিন নিকটবর্তী সরকারি ক্যাম্পে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিচ্ছেন রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীরা। যদিও ইতিমধ্যেই বেকার ভাতা প্রকল্পের আবেদন করা যাচ্ছে অনলাইনেও। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা পোর্টাল থেকেই বাড়িতে বসে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছেন বহু আবেদনকারী। তবে অনলাইনে ফর্ম ফিলাপ করলেও ফর্মের কপি নিয়ে BDO অফিসে জমা দিতে হবে আবেদনকারীদের?
অনলাইনে আবেদনের পর ফর্মের কপি জমা দিতে হবে BDO অফিসে?
সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মাস্টার স্ট্রোক হিসেবে যুবসাথী প্রকল্প চালু করেছে বঙ্গের সরকার। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প চালু করার সাথে সাথে সরকারের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মাধ্যমিক পাস, 21 থেকে 41 বছর বয়সী যোগ্য সকল বেকার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমদিকে অনলাইনে এই প্রকল্পের আবেদনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও বর্তমানে সহজেই স্বনির্ভর বাংলা পোর্টাল থেকে নিজেদের আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারছেন আবেদনকারীরা।
সরকারি পোর্টাল থেকে যুবসাথীর ফর্ম ফিলাপ করে সেটি সাবমিট করার পর ওই আবেদন পত্র ডাউনলোড করে রাখছেন অনেকেই। আর এখানেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ফর্মের কপি স্থানীয় BDO অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে? এ নিয়ে সরকারের তরফে আলাদা করে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে, যুব দপ্তর সূত্রে খবর, অনলাইনে ফর্ম ফিলাপ করার পর তার কোনও প্রিন্ট আউট কপি BDO অফিস বা কোথাও জমা দিতে হবে না। এ নিয়ে বিশেষজ্ঞদেরও বক্তব্য, অনলাইনে আবেদনের পর তার কপি কোথাও জমা দিতে হয় না। বরং সেটি নিজের কাছে রেখে দেওয়া ভালো।
অবশ্যই পড়ুন: বদলে গেল অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদনের সময়! নতুন টাইম জানাল নবান্ন
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা পোর্টালে এই মুহূর্তে 26 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত করা যাচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন। এর জন্য গুগল বা ক্রোমে apas বা স্বনির্ভর বাংলা লিখে সার্চ করলে প্রথম যে বাংলার যুবসাথী লিঙ্ক আসবে সেখানে ক্লিক করেই ক্লিক টু অ্যাপ্লাই অপশনে টাচ করে আবেদন করতে পারবেন বেকার যুবক-যুবতীরা।












