বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। দিনের পর দিন পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে। তবে ইতিমধ্যেই যাঁরা অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আবেদন করে ফেলেছেন তাঁদের মধ্যে একটা অংশের আবেদনকারীর প্রশ্ন, আবেদনে ভুল হয়ে থাকলে এখন কি আর এডিট করা যাবে? এডিট করা গেলে তা কীভাবে করতে হবে?
24 ঘন্টাই অনলাইনে করা যাচ্ছে আবেদন
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও আজ অর্থাৎ 23 তারিখ পর্যন্ত প্রায় 50 লাখের বেশি আবেদনকারী এই বিশেষ প্রকল্পে আবেদন করে ফেলেছেন। এতদিন অনলাইনে সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আবেদন করা যাচ্ছিল। তবে সম্প্রতি সরকারের তরফে 24 ঘন্টা অনলাইনে আবেদনের জন্য খুলে রাখা হয়েছে পোর্টাল। সেক্ষেত্রে দিনরাত নির্বিশেষে যেকোনও সময় অনলাইনেই এই প্রকল্পে আবেদন করতে পারছেন আবেদনকারীরা।
আবেদন ভুল হলে এডিট করা যাবে ফর্ম?
প্রথমত বলে রাখি, যাঁরা অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়েছেন তাঁদের আবেদনে যদি কোনও ভুল থেকে থাকে সেক্ষেত্রে তাঁরা নতুন করে অনলাইনে আবেদন জানাতে পারেন। আসলে 26 ফেব্রুয়ারির আগে অফলাইনে জমা দেওয়া প্রতিটি ফর্মই BDO অফিসে জমা রাখা হয়েছে। সেইসব ফর্ম এখনও পর্যন্ত অনলাইন পোর্টালে এন্ট্রি করা হয়নি। সেক্ষেত্রে, নতুন করে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করে দিলে পরবর্তীতে অফলাইন ফর্মটি এমনিতেই বাতিল হয়ে যাবে।
অবশ্যই পড়ুন: মাসে মাসে মিলবে মোটা টাকার পেনশন, বড় পদক্ষেপ নিল EPFO
তবে যাঁরা ইতিমধ্যেই অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন করে ফেলেছেন, এদিকে আবেদনে সামান্য কিছু ভুল থেকে গিয়েছে তাঁরা এখন এডিট করতে চাইলেও সেই সুযোগ নেই। সরকারের তরফে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত অনলাইনে আবেদন করা ফর্ম আর এডিট করা যাবে না এখন। তাছাড়া অনলাইনে এন্ট্রি হয়ে যাওয়ায় অফলাইনেও করা যাবে না আবেদন। তবে অনেকেই মনে করছেন, চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপের মতোই সরকারের তরফে পোর্টালে ফর্ম এডিটের অপশন দেওয়া হতে পারে। তবে যদি সেটা নাও হয় পরবর্তীতে ফর্মে ভুল থাকলে সেখানে উল্লেখিত নাম্বারে ফোন করে আবেদনকারীদের স্থানীয় BDO অফিসে ডেকে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে ভুল সংশোধন করতে পারবেন তাঁরা।












