ইস্তেহারে ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা বিজেপির, কারা পাবে জানুন

Published:

BJP Manifesto 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। ৪ মে ফল ঘোষণা। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্ট, কংগ্রেস প্রত্যেকে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। বাকি ছিল বিজেপি। আজ অর্থাৎ ১০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজেই পশ্চিমবঙ্গের জন্য এক ডজন ইস্তেহার তুলে ধরেছেন (BJP Manifesto 2026)। সেখানেই ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কারা পাবেন এই টাকা?

বেকারত্ব নিয়ে বিজেপির বড় ঘোষণা, দেওয়া হবে ১৫ হাজার!

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল বিজেপি। খুব তাড়াতাড়ি সমস্ত সরকারি পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সাহায্য করার পাশাপাশি বেকারত্ব ঘুচানোর আশ্বাস দিয়েছে বিজেপি। এমনকি বেকারদেরকে মাসে ৩০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। আর আগামী পাঁচ বছরে রাজ্যের ৫ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শাহ। আর সবথেকে বড় ব্যাপার এককালীন ১৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কাদের জন্য?

আসলে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে, এবার চাকরি নিয়ে চিন্তা শেষ হবে। যদি বিজেপি রাজ্য ক্ষমতায় আসে, তাহলে শৃঙ্খলামুক্তভাবে যোগ্যতা আর মেধার ভিত্তিতে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে। সবথেকে বড় ব্যাপার, এবার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ইস্তেহারে জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি যারা দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন বা চাকরি পাননি, তাদেরকে ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে বলে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। এখানেই শেষ নয়। ৫ লক্ষ বেকার যুবক-যুবতীকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে, যার মধ্যে ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশের মানুষের কত আয়, কাকে টাকা পাঠাচ্ছে সব জানবে সরকার! শুরু হচ্ছে সার্ভে

ইস্তেহারে আর কী কী জানাল বিজেপি?

১৫,০০০ টাকার পাশাপাশি ইস্তেহারে একাধিক ঘোষণা করেছে বিজেপি। প্রথমত, রাজ্যের প্রতিটি জেলায় তিনটি করে নতুন স্কিল ডেভেলপমেন্ট হাব তৈরি করা হবে। দ্বিতীয়ত, ২০ লক্ষ নতুন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলা হবে। তৃতীয়ত, শিক্ষানবিশ ও প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ যুবক-যুবতীকে দক্ষ করে তোলা হবে। চতুর্থত, আগামী পাঁচ বছরে ১ কোটি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন অমিত শাহ। পঞ্চমত, তথ্য প্রযুক্তি, পর্যটন বা উৎপাদন ক্ষেত্রে নতুন বিনিয়োগ আনা হবে। ষষ্ঠত, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হবে। আর উদ্যোক্তাদের সহজে ঋণ দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও নিম্নবিত্ত, মধ্যবিত্ত মহিলাদেরকে প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে, যা মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে। পাশাপাশি অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এমনকি মহিলা, শিশু বা নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে।