ডিলিট লিস্টে নাম উঠল প্রাক্তন বিচারপতির! SIR তালিকা ঘিরে নতুন বিতর্ক কোর্ট চত্বরে

Published:

SIR Supplementary List

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) এগিয়ে আসছে। তাই সময় নষ্ট না করে দিন রাত ভোটের প্রচার করে চলেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এদিকে এখনও বিতর্কের জট কাটেনি রাজ্যের SIR নিয়ে। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তর্ক বিতর্কের পর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) নিয়েও তৈরি হল মহা সমস্যা। আর এবার প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অতিরিক্ত তালিকাতে নাম বাদ পড়ল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সির। এখনও বিচারাধীন তাঁর স্ত্রী ও দুই ছেলের নামও।

সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটলা রাজ্যে

বিস্তর অপেক্ষার পর সোমবার মাঝরাতে প্রকাশিত হয়েছে বাংলার ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ তালিকা। রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় ৬০ লক্ষ তাঁদের মধ্যে নিষ্পত্তি হয়ে যাওয়া ২৯ লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ্যে এসেছিল। কিন্তু বিক্ষিপ্ত ভাবে অনলাইনে কমিশনের ওয়েবসাইট থেকে ভোটাররা তাঁদের অবস্থা যাচাই করতে পারলেও বিধানসভা ভিত্তিক কতজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে রইল, আর কতজনের নাম বাদ পড়ল, তার কোনও পূর্ণাঙ্গ তালিকা কমিশন এখনও প্রকাশ করেনি। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য, SIR-এর অতিরিক্ত তালিকায় নাম নেই হাই কোর্টের প্রাক্তন বিচারপতির।

ডিলিটেড লিস্টে নাম উঠল প্রাক্তন বিচারপতির

রিপোর্ট মোতাবেক, কলকাতা হাই কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সি, তাঁর স্ত্রী ও দুই ছেলের নাম SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় ছিল। এদিকে তিনি কলকাতার এন্টালি কেন্দ্রের ভোটার। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে এলে দেখা যায় কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শইদুল্লা মুন্সির নাম সরাসরি ‘ডিলিট’ এর তালিকায় রয়েছে। অন্যদিকে এখনও তাঁর স্ত্রী ও ছেলের নামও প্রকাশিত হয়নি। কর্মজীবনে বহু মানুষের বিচার করেছেন তিনি, এখন দেখা যাচ্ছে সেই মানুষটির নাম বাদ চলে যাওয়ায় মহা শোরগোল পড়ে গিয়েছে আদালত চত্বরে। আর তাই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের নিযুক্ত ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছেন প্রাক্তন বিচারপতি।

ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় বিচারপতি

সম্প্রতি সংবাদ প্রতিদিনকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহিদুল্লাহ মুন্সি জানিয়েছেন, যখন শুনানির সময় ঢাকা হয়েছিল তখন তাঁর থেকে শুধুমাত্র পাসপোর্ট জমা নেওয়া হয়েছিল। যদিও তিনি আধার কার্ড, প্যান কার্ড-সহ যাবতীয় ডকুমেন্ট জমা দিতে চেয়েছিল কিন্তু কিছুই নেওয়া হয়নি। তখন অবসরপ্রাপ্ত বিচারপতির পরিচয় পেয়ে তাঁকে আশ্বাসও দেওয়া হয় যে তালিকায় নাম উঠে যাবে। কিন্তু পরে দেখা যায় প্রথম তালিকায় গোটা পরিবারকে ‘আন্ডার অ্যাডজুডিকেশনে’ পাঠানো হয়। তাই আপাতত ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের নির্মিত এই ট্রাইবুনালের আবেদন জানানোর পদ্ধতি নিয়ে বেশ সংশয় প্রকাশ করলেন মুন্সি।

আরও পড়ুন: চরমে সংকট! ফের গৃহবন্দি? কী এই এনার্জি লকডাউন যাতে আতঙ্কিত ভারত সহ গোটা বিশ্ব

অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ২৩ জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। সেই ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম। কিন্তু সেখানে আবেদন জানানোর পদ্ধতি নিয়েও সংশয় তৈরি হয়েছে প্রাক্তন বিচারপতি শহিদুল্লাহ মুন্সির। তিনি বলেন, “ট্রাইব্যুনালে এসওপি কীভাবে জানানো হবে সেটা নিশ্চিত নয়, কত দিনে আবেদন করা যাবে, এবং তা কবে নিষ্পত্তি হবে বলা নেই। কীভাবে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে তারও গাইডলাইন দেওয়া নেই। আমার মতো বিচারপতিকে যদি এই নিয়ে সমস্যায় পড়তে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে!”

google button