সৌভিক মুখার্জী, কলকাতা: কালিয়াচকের মোথাবাড়ির কাণ্ড এখনও পর্যন্ত তরতাজা। বিচারকদের উপর নজিরবিহীন হামলার ঘটনায় উত্তাল রাজ্যের রাজনীতি থেকে শুরু করে আইন মহল। আর এই নক্করজনক ঘটনার মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কারুল ইসলামের (Mofakkerul Islam) বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়ে ফেলল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার জরুরী ভিত্তিতে জেনারেল বডি বৈঠক ডেকে তাঁকে বার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বড়সড় পদক্ষেপ বার অ্যাসোসিয়েশনের
রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি জরুরী বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত অধিকাংশ সদস্যরাই বিচারকদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান। সেই মতো মোফাক্কারুল ইসলামকে অবিলম্বে অ্যাসোসিয়েশনের থেকে বহিষ্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ডিসিপ্লিনারি প্রসেডিং বা শৃঙ্খলামূলক তদন্ত শুরু করা হয়। সদস্যদের একাংশের মতে, একজন আইনজীবীর এরকম আচরণ পেশাগত নৈতিকতা আর সাংবিধানের পরিপন্থী। তদন্ত প্রক্রিয়া শেষ হলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। যার ফলে তিনি আর হাইকোর্টে কোনও প্র্যাকটিস করতে পারবেন না।
এদিকে মোথাবাড়ি কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে এনআইএ। গতকালই একটি বিশেষ দল কলকাতা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে। আর তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং বয়ান সংগ্রহ করছে। প্রাথমিক অনুসন্ধানের পর সমস্ত তথ্য কলকাতার এনআইএর সদর দফতরে পাঠানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এই হাইপ্রোফাইল মামলার রিপোর্ট ইতিমধ্যেই এনআইএ-র আইজি সোনিয়া সিং এর কাছে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লেহতে একটি মুরগির ডিম বিক্রি হল ২৫,০০০ টাকায়, অর্থ যাবে ইরানের দুর্গতদের সাহায্যে
আইনজীবী মহলের একাংশ দাবি, বিচার ব্যবস্থার উপর আক্রমণ মানেই দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের উপরে আঘাত। কালিয়াচকের এই ঘটনায় আইনজীবী মোফাক্কারুল ইসলামের নাম জড়িয়ে পড়ার কারণে পেশার মর্যাদা রক্ষার্থে বার অ্যাসোসিয়েশন কোনও রকম আপস করছে না। এমনকি তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।












