“সঞ্জয় অনেক কিছু জানে” আর জি কর কাণ্ডে এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published:

RG kar Case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর জি কর কাণ্ডে (RG Kar Case) এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে CBI চাইলে অভিযুক্ত ওরফে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে পুনরায় জেরা করতে পারে। এদিন আদালতের পর্যবেক্ষণ ছিল, আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছু জানেন বলে মনে হচ্ছে। তাই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা নতুন প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করে তাঁকে জেরা করতেই পারেন। ঠিক বিধানসভা নির্বাচনের আগে সঞ্জয়কে নিয়ে আদালতের নতুন নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

আর জি কর কাণ্ডে নয়া মোড়

2024 সালের আগস্টে কলকাতার নামজাদা হাসপাতাল আর জি করে জুনিয়র তরুণী ডাক্তারের সাথে হওয়া নারকীয় ঘটনার পর বাংলা জুড়ে চলেছিল আন্দোলন। অভয়ার বিচারের দাবিতে গোটা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছিলেন আট থেকে আঁশি। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ঘটনার 48 ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে CBI তদন্তে দোষীসাব্যস্ত হন তিনি। আর তারপরেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড শোনায় আদালত।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির টিকিটে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভয়ার মা। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় নাম ওঠার পরই নিজের মেয়ের সঠিক বিচারের দাবিতে নতুন করে বারবার গলা ফাটিয়েছেন তিনি। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক শক্তিকে ব্যবহার না করলে যে সঠিক বিচার পাওয়া যায় না সেটা তিনি বুঝে গিয়েছেন। এমতবস্থায়, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানাল, “CBI প্রয়োজন মনে করলে আর জি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারে। এছাড়াও ওই ঘটনার সাথে যুক্ত বা সন্দেহভাজনদেরও জেরা করতে পারে CBI।”

অবশ্যই পড়ুন: পেনশন নিয়ে বড় রায় দিল হাইকোর্ট, প্রভাব পড়বে সবার ওপর

একই সাথে এদিন আদালতের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে CBI যেন কোনও সন্দেহভাজন বা অভিযুক্তকে জেরা করতে দ্বিধাবোধ না করে। একই সাথে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থলে গিয়ে জায়গা পরিদর্শন করতে চেয়েছে। এতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমস্যা নেই। তাহলে রাজ্যের সমস্যা কোথায়?

google button