হুগলির গুড়াপে ১৯ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জখম ৬

Published:

Hooghly Accident

সৌভিক মুখার্জী, হুগলি: বাংলাজুড়ে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের তোড়জোড় (West Bengal Election 2026)। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন বাংলায়। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, প্রচার অভিযান চলছে জোড়কদমে। আর এবার নির্বাচন কমিশন বাংলার উপর একটু বেশিই নজরদারি চালাচ্ছে। সে মতোই ভোটের বহু আগে থেকে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে জেলায় জেলায়। আর এবার হেভিওয়েট কেন্দ্র হুগলিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, যাতে জখম হয়েছেন ৬ জন (Hooghly Accident)।

হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা

স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, আজ ভোরবেলা কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি হুগলির ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে জখম হন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এক চিকিৎসক সহ মোট ৬ জন। হুগলির গুরাপের কাছে ঘটে এই ঘটনা। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর চার চাকার গাড়িটি সজোরে একটি চলন্ত ট্রাকে ধাক্কা মারে। আর তাদের পেছনে আরও একটি চার চাকার গাড়ি ছিল, যেটি কেন্দ্রীয় বাহিনীর গাড়িটিকে ধাক্কা মারে।

এই দুর্ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকা এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এক চিকিৎসক এবং এক কনস্টেবল সহ গাড়ির চালক জখম হয়েছেন। শুধু তাই নয়। কেন্দ্রীয় বাহিনীর পিছনের গাড়ির চালক এবং আরোহীও গুরুতর জখম হন, যা নিয়ে সাতসকালে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গুরাপ থানার পুলিশ বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আর সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই খবর। তবে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতা-ভুবনেশ্বর সহ মালদা, আসানসোল থেকেও স্পেশাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল

বলে রাখার বিষয়, এবার নির্বাচনের অন্যতম কেন্দ্রবিন্দু হুগলি, যেখানে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জলঘোলা চলছে। বিশেষ করে প্রার্থী ঘোষণা নিয়ে। চুঁচুড়ার চারবারের বিধায়ক অসিত মজুমদারকে এবার শাসকদল ভোটের টিকিট দেয়নি। তাঁর জায়গায় টিকিট পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য, যা নিয়ে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। অন্যদিকে পদ্মফুল শিবির টিকিট দিয়েছে একেবারে নতুন মুখ সুবীর নাগকে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে নেতারা। যে কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এলাকার দাপুটে নেতা সুরেশ রাও।