সহেলি মিত্র, কলকাতাঃ আরও এক অনন্য নজির গড়ল বিশ্ব বিখ্যাত চিত্তরঞ্জন রেল কারখানা। জানা গিয়েছে, এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (Chittaranjan Locomotive Works) ২০২৫-২৬ অর্থবর্ষে ৮০০টি বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটা সত্যি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
বিরাট মাইলফলক অর্জন করল চিত্তরঞ্জন রেল কারখানা
জানা গিয়েছে, কারখানার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বার্ষিক উৎপাদন হল এই ৮০০টি বৈদ্যুতিক লোকোমোটিভ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ) এর আগে কখনও এক বছরে ৮০০টি বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করেনি। গতকাল ৩১ মার্চ, ২০২৬-এ ৮০০-তম রেল ইঞ্জিনটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করে সিএলডব্লুর জেনারেল ম্যানেজার মোহিত চন্দ্র গোটা টিমকে অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ ৮ জেলায় মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি, উঠবে ঝড়ও! আজকের আবহাওয়া
অন্যদিকে সিএলডব্লিউ-এর জনসংযোগ কর্মকর্তা চিত্রসেনা মণ্ডলা সংবাদমাধ্যমকে জানান, ‘ভারতীয় রেলে বিদ্যুতায়নের উপর জোর দেওয়ার ফলে, এই বৈদ্যুতিক লোকোমোটিভগুলি কেবল রেল চলাচলকেই মসৃণ করবে না, বরং জ্বালানি খরচেও উল্লেখযোগ্য সাশ্রয় ঘটাবে এবং কার্বন ফুটপ্রিন্ট কমাবে।’ এই সাফল্যের তাৎপর্য তুলে ধরে চিত্রসেনা মন্ডলা আরও বলেন, ‘২০২৫-২৬ সাল বৈদ্যুতিক লোকোমোটিভ উৎপাদনে এক নতুন যুগের সূচনা করেছে। সিএলডব্লিউ ৮০০টি লোকোমোটিভ উৎপাদনের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে।’
কী কী ইঞ্জিন রয়েছে?
এই মাইলফলকটি ভারতীয় রেলের সম্পূর্ণ বিদ্যুতায়ন, উন্নত পরিচালন দক্ষতা এবং পরিবেশগতভাবে টেকসই পরিবহনের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাচ্ছে। বৈদ্যুতিক লোকোমোটিভের বর্ধিত ব্যবহার গতি বাড়াতে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং সামগ্রিক পরিবহন খরচ হ্রাস করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। কারখানা সূত্রে জানা গিয়েছে,এই ৮০০ ইঞ্জিনের মধ্যে অমৃত ভারত ট্রেনের উপযোগী ডব্লুএপি-৫ পুশপুল এ্যরোডায়নামিক ইঞ্জিন যেমন আছে, তেমনই ডব্লু এ জি -৯ টুইন লোকো, ডব্লু এজি -৮ এইচসি লোকোও আছে।












