ব্যাঙ্কে যাওয়ার পথে উধাও পরিচালক উৎসব মুখোপাধ্যায়! অপহরণ? তদন্তে পুলিশ

Published:

Director Utsav Mukherjee Missing

প্রীতি পোদ্দার, কলকাতা: রহস্যজনকভাবে নিখোঁজ টলিউডের পরিচিত মুখ, পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায় (Director Utsav Mukherjee Missing)। বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, কিন্তু তারপর আর ফেরেননি। শেষ লোকেশন দেখানো হচ্ছে উল্টোডাঙ্গা (Bidhannagar Road Railway Station) স্টেশনের কাছে। তদন্তে নেমেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

পরিবার সূত্রে খবর, উৎসব মুখোপাধ্যায় আনন্দপুর এলাকায় থাকলেও উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায় তাঁদের একটি বাড়ি রয়েছে। কিছুদিন আগে তাঁর বাবা মারা গিয়েছিলেন। তাই তাঁরা নিমতাতেই আছে। বৃহস্পতিবার দুপুরে সেই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে টাকা তোলার জন্য এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। ফোনে ওটিপি আসার কথা ছিল বলে বাড়িতে নিজের ফোনটাও রেখে গিয়েছিলেন। সঙ্গে করে তাঁর বাবার একটি পুরনো ফোন নিয়ে গিয়েছিলেন। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আতঙ্ক দানা বাঁধে।

আনন্দপুর থানায় করা হয়েছে মিসিং ডায়েরি

কোনওভাবে যোগাযোগ করতে না পারায় গতকাল সন্ধ্যায় বাধ্য হয়ে আনন্দপুর থানায় যান পরিচালক উৎসবের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। সেখানে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। মৌপিয়ার কথায়, ব্যাঙ্কে যাওয়ার পাশাপাশি উৎসবের এক প্রযোজকের বাড়িতেও যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে দুপুরে বেড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফোনটি সুইচ অফ পান। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন, চার্জ শেষ হয়ে গিয়েছে। পরে কোনওভাবেই কোনও যোগাযোগ না হওয়ায় তাই থানায় যান তিনি। সেখান থেকে বাড়ি ফিরেও দেখেন উৎসব ফেরেনি, তাই রাতে ফের একবার থানায় যান তিনি।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

পুলিশের তরফে জানানো হয়েছে, উৎসবের সঙ্গে থাকা পুরনো ফোনটির শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে উল্টোডাঙা স্টেশনের কাছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। উল্টোডাঙা ও তৎসংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আনন্দপুর থানার আধিকারিকরা। ধোঁয়াশা বাড়ছে নিমতা থেকে উল্টোডাঙা হয়ে কেন তিনি অন্য কোথাও গেলেন। উৎসবের বন্ধু মহলেও খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ইতিবাচক কোনও তথ্য মেলেনি। তাঁর নিখোঁজ হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর ঘনিষ্ঠ টলি-তারকারাও।

আরও পড়ুন: এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা? বেকার ভাতা ঢোকার দিন জানাল রাজ্য সরকার

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে একাধিক ছবি পরিচালনা ও ছবির স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন উৎসব। ভীতু, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু-র মতো ছবিতেও চিত্রনাট্য লিখেছেন উৎসব। এছাড়াও অনীক দত্তর ‘অপরাজিত’ ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। সোশ্যাল মিডিয়াতেও স্বামীর সন্ধানে কাতর আর্জি জানিয়েছেন স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। উল্লেখ্য, টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের ক্ষত এখনও দগদগে। তার মধ্যে পরিচালকের মিসিং সকলকে চিন্তায় ফেলেছে।

google button