সহেলি মিত্র, কলকাতাঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা, স্টেশন চত্ত্বর নোংরা করা, কিছু যাত্রীর স্বভাবে হয়ে দাঁড়িয়েছে। রেলের তরফে যতই সতর্কতামূলক প্রচার চালানো হোক না কেন, কানে কথা তুলছেন না অনেকেই তা বারেবারে প্রমাণ মিলেছে। এবারেও যার ব্যতিক্রম ঘটেনি। এবার শিয়ালদা ডিভিশন (Sealdah) এই ঘটনায় নতুন রেকর্ড গড়েছে। যাত্রীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফাইন আদায় করেছে পূর্ব রেল বলে খবর। আর এই অঙ্কের পরিমাণ শুনলে আপনারও চোখ কপালে উঠবে।
যাত্রীদের কাছ থেকে বিপুল টাকা আয় করল রেল
রেলের তরফে যখন তখন বিভিন্ন কর্মসূচি চালানো হয়। কখন কোন কর্মী কোথায় দাঁড়িয়ে থাকবেন কেউ টের পাবেন না। ঘপ করে যাত্রীদের কাছ থেকে টিকিট চেয়ে বসেন। যারা দেখাতে পারেন তাঁরা সে যাত্রায় বেঁচে যান, কিন্তু যাদের কাছে দেখানোর মতো টিকিট থাকে না তাঁরা রেলের কোপের মুখে পড়েন। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আসলে গত ৮ ও ৯ এপ্রিল প্রব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ অভিযান চালিয়েছিল। সেখানেই টিকিট পরীক্ষক অভিযানে বিনা টিকিটে ভ্রমণ করছেন এমন বহু মানুষকে পাকড়াও করা হয় এবং তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করা হয় জরিমানা হিসেবে।
বিরাট অভিযান পূর্ব রেলের
পূর্ব রেল সূত্রে খবর, এই টানা দুদিনের অভিযানে ৬০৮টি ঘটনা সামনে আসে। যার মধ্যে টিকিটবিহীন যাত্রী এবং লাগেজ সংক্রান্ত অনিয়ম ধরা পড়েছে। এর ফলে টানা দুদিনেই এক লাফে ১ লক্ষ ৩৭ হাজার ৮৯৪ টাকা আদায় করেছে শিয়ালদা বিভাগ।
আরও পড়ুনঃ দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের, কোন রুটে চলবে?
জানা গিয়েছে, গত ৮ এপ্রিল পলাশী–লালগোলা সেকশনে পরিচালিত অভিযানের প্রথম পর্যায়ে ১৩০টি জরিমানাযোগ্য মামলা এবং ১৫৯টি লাগেজ সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে, যার মাধ্যমে ৫০,০২৫ টাকা আদায় হয়। এরপর ৯ এপ্রিল বিধাননগর রোড স্টেশনে টিকিট পরীক্ষার সময় ২৮২টি অনিয়মিত যাত্রা এবং ৩৭টি লাগেজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। সেদিন যাত্রীদের কাছ থেকে ৮৭,৪৬৯ টাকা সংগ্রহ করেন রেল আধিকারিকরা।












