দুই ধাপে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন, কতজন বাদ?

Published:

Sixth Supplementary Voter List

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর এই আবহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ ভোটারদের দুই ধাপে ষষ্ঠ অতিরিক্ত তালিকা (Sixth Supplementary Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাতে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লক্ষ নাম রয়েছে বলে খবর। যদিও কত নাম বাদ গিয়েছে, সেই বিষয়ে কোনও খবর কমিশনের তরফে জানানো হয়নি। চিন্তিত বিচারাধীন ভোটারেরা।

ষষ্ঠ ভোটার তালিকা প্রকাশ

রিপোর্ট মোতাবেক গতকাল, সোমবার একসঙ্গে দুই ধাপে জোড়া সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে এবার একসঙ্গে বের হল দুটি তালিকা। অর্থাৎ এনিয়ে মোট ছয়টি তালিকা বেরোল। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় চার লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ পড়েছে তা এবারেও স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর রোজই লিস্ট বের করা হবে বলে জানানো হয়েছিল। সেই মতোই প্রতিদিনই ভোটার লিস্ট বেরচ্ছে। রবিবার পর্যন্ত সামনে আনা হয়েছিল চারটি তালিকা।

তথ্য যাচাই করছে জুডিশিয়াল অফিসাররা

প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল ২৩ মার্চ। তবে সেই তালিকা প্রকাশের সময় একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, কারণ নির্ধারিত সময়ের অনেক পরে তালিকা বের হয়েছিল। তারপর শুক্রবার, অর্থাৎ ২৭ মার্চ দ্বিতীয় লিস্ট প্রকাশ্যে আসে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বাদ যায় প্রায় ৬১ লক্ষ নাম। আর অমীমাংসিত বা বিবেচনাধীনে রাখা হয় প্রায় ৬০ লক্ষ ভোটারকে। এরপর কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে তা নিষ্পত্তি করা হচ্ছে। ভোটারদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা।

৮১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে!

কমিশনের তরফে জানা গিয়েছে, সব মিলিয়ে ২৯ লক্ষেরও বেশি নাম রয়েছে এই ছ’টি সাপ্লিমেন্টারি তালিকায়। যার মধ্যে ৪২ লক্ষেরও বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১৮ লক্ষ নামের। তার উপর সাপ্লিমেন্টারি তালিকায় ইতিমধ্যেই ১৮ লক্ষের নাম বাদ গিয়েছে। অর্থাৎ খসড়া তালিকা নিয়ে এখনও পর্যন্ত ৮১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। কিন্তু এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাচ্ছে না। সব নাম নিষ্পত্তি হয়ে গেলেই বাদ যাওয়া ভোটারের সংখ্যা জানা যাবে। এখন দেখার কমিশন ঠিক কত তাড়াতাড়ি এই সব নামের নিষ্পত্তি করে দেয়। তার উপরই নির্ভর হবে, এই সব ভোটাররা ভোট দিতে পারবেন কি না।

আরও পড়ুন: PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ঘোষণা কেন্দ্রর, ১ এপ্রিল থেকেই লাগু

গতকাল,সোমবার রাতেই কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে CEO দফতরের বাইরের সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, সোমবার বস্তাভর্তি ফর্ম-৬ নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গিয়েছেন কয়েক জন। বিজেপি নেতা অমিত মালব্যের নির্দেশে বিহার-উত্তরপ্রদেশ থেকে ওই নামগুলো বেআইনি ভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এইভাবেই আগে মহারাষ্ট্র-হরিয়ানা-দিল্লির মতো রাজ্য তারা দখল করেছে, আর এবার বাংলাও একই পন্থায় দখল করতে চাইছে।

google button