আরও সুগম হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ, শুরু বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ

Published:

Hili Rail Project

সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রেলপথে জুড়তে চলেছে বাংলার আরও এক জায়গা। একদিকে যখন নতুন ফারাক্কা সেতু তৈরি হচ্ছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের (South Bengal) মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে, তখন এবার রেলপথে দুই বঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো করতে বিরাট কাজ হতে চলেছে। এবার কলকাতা থেকে হিলি সীমান্ত এবং হিলি সীমান্ত থেকে কলকাতা আসা যাওয়া রেলপথে (Hili Rail Project) সহজ হবে।

শুরু হল হিলি রেল প্রকল্পের কাজ

জানা গিয়েছে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি রেল প্রকল্প (Balurghat-Hili Rail Project) বাস্তবায়ন হতে চলেছে। এখানেই তৈরি হচ্ছে হিলি রেল স্টেশন। আগামী দিনে হিলি সীমান্ত থেকে ট্রেনে বালুরঘাট, মালদা টাউন হয়ে কলকাতা যাওয়ার পথ সুগম হবে। এক রিপোর্ট অনুযায়ী, বালুরঘাট হিলি রেল প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার দীর্ঘ কাজ চলছে জোরকদমে। নির্মাণ করা হচ্ছে তিনটি রেলস্টেশন।

আরও পড়ুনঃ ৭.৯০% পর্যন্ত সুদ, ২০২৬-এ ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে বেশি রিটার্ন?

সূত্রের খবর, বালুরঘাটের পরবর্তী রেল স্টেশন কামারপাড়া, তারপর ত্রিমোহিনী এবং অন্তিম রেলস্টেশন হিলি। এই হিল রেলস্টেশন কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এই রেল প্রকল্প দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দাদের জীবন বদলে দেবে। এই রেল প্রকল্পের জন্য হিলি এলাকার বহু ঘর বাড়ি ইতিমধ্যে ভাঙা হয়েছে। আরও কিছুটা বাকি রয়েছে, যেগুলি আগামী দিনে শীঘ্রই ভাঙা হবে বলে মনে করা হচ্ছে।

বাংলার রেল ব্যবস্থায় বিপ্লব

এই স্টেশনগুলির মাধ্যমে বাংলার রেল ব্যবস্থার মানচিত্র আগামী দিনে বদলে যেতে চলেছে বলে ধারণা অনেকের। বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তথা বাংলার রেল ব্যবস্থায় বিপ্লব আসবে। এই কাজের মাধ্যমে হিলি বাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে।