হুগলীবাসীর জন্য বড় চমক রাজ্য সরকারের

Published:

Hooghly
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, এরপরেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ২৬-এর বিধানসভা নির্বাচন। যেহেতু হাতে অনেক কম সময় তাই এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় হুগলি (Hooghly) জেলার চণ্ডিতলার মানুষের জন্য বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রূপে বিদ্যাসাগর সংস্কৃতি সদন নির্মাণ করা হল, যা আগামী ৭ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।

কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম সাজাল সরকার

স্থানীয় রিপোর্ট অনুযায়ী দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হুগলি চণ্ডিতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং হুগলি জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নতুন করে সেজে উঠছে বিদ্যাসাগর সংস্কৃতি সদন। প্রস্তুতি প্রায় শেষের পথে। রাজ্য সরকারের তরফে প্রদত্ত প্রায় দু’কোটি টাকা ব্যয়ে নতুন রূপে এই অডিটোরিয়ামটিকে সাজানো হয়েছে। অডিটোরিয়ামটি আগে ভগ্নদশাই ছিল। এখন সেখানে শীততাপ নিয়ন্ত্রিত ৫০০ আসনের ব্যবস্থা করা হয়েছে। যার দরুন এই উদ্যোগ স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

বেশ খুশি এলাকার বাসিন্দারা

হুগলি চণ্ডিতলার বাসিন্দারা জানিয়েছেন যে আগে বাচ্চাদের কোন অনুষ্ঠান হোক কিংবা পাড়ার কোন সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতেই উত্তরপাড়া অথবা অন্য কোথাও ছুটে যেতে হয়ত, তাতে বেশকিছু সমস্যার মুখোমুখি ও হতে হতো তবে এবার সেই সমস্যা একেবারে ঘুচতে চলেছে। কারণ এবার এলাকার বিদ্যাসাগর সংস্কৃতি ভবন বা বিদ্যাসাগর অডিটোরিয়াম সেজে উঠল নতুন রূপে। পুরো অডিটোরিয়াম এখন এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত তাই সেক্ষেত্রে গরমকালেও কোনো সমস্যা হবে না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “আমাদের চণ্ডীতলার মানুষের জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।”

আরও পড়ুন: ১৫ বছর কী করেছে? মমতাকে প্রাক্তন করার হুঙ্কার হুমায়ুনের, পাল্টা দিলেন কুণাল

হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, “আগামী ৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার বিদ্যাসাগর অডিটোরিয়ামের নতুন রূপের উন্মোচন করা হবে। আর তারপর থেকেই এই অডিটোরিয়াম ব্যবহারের জন্য চালু হয়ে যাবে সাধারণের জন্য। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এখানে ৫০০ মানুষ এক সঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now