বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রীদের বিরাট সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)। জানা যাচ্ছে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-ডায়মন্ড হারবার রুটে EMU লোকাল পরিষেবা সম্প্রসারণ করল রেল। এর দৌলতে এবার থেকে আর যাত্রীদের মাঝপথে নেমে দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। এক কথায়, বিভিন্ন লোকালগুলির গন্তব্য বাড়াচ্ছে রেল।
কষ্ট কমবে যাত্রীদের
রেল সূত্রে খবর, যাত্রীদের সমস্যা কিছুটা কমাতে আগামী 23 মার্চ থেকে 23 মে পর্যন্ত শিয়ালদহ শাখার বনগাঁ, ক্যানিং এবং ডায়মন্ড হারবার রুটে EMU পরিষেবা দীর্ঘায়িত করছে রেল। সহজ ভাষায় বলতে গেলে, ভারতীয় রেলের এই উদ্যোগের প্রধান লক্ষ্য মিড জার্নি ইন্টারঅ্যাপশনস বা যাত্রার মাঝপথে ট্রেন থেকে নেমে যাওয়ার সমস্যা কমানো। অর্থাৎ এবার থেকে ট্রেনগুলি তাদের চূড়ান্ত টার্মিনাল পর্যন্ত চলবে। এর ফলে শিয়ালদহ শাখার লাখ লাখ যাত্রী নিরাপদে এবং কোনও রকম দুশ্চিন্তা ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
জানা যাচ্ছে, বনগাঁ শাখায় যাত্রীদের সমস্যা কমাতে দত্তপুকুর এবং গোবরডাঙ্গা লোকালের গন্তব্য পথ সম্প্রসারণ করছে রেল। রেল সূত্রে, ট্রেন নম্বর 33617 শিয়ালদহ-দত্তপুকুর লোকাল এবার থেকে দত্তপুকুর পর্যন্ত যাওয়ার বদলে সরাসরি বনগাঁ পর্যন্ত চলবে। পরবর্তীতে সেই ট্রেন আবার বনগাঁ থেকে শিয়ালদহ পৌঁছবে। এছাড়াও রাতের ট্রেন 33685 শিয়ালদহ-গোবরডাঙ্গা এবং 33271 দমদম-গোবরডাঙ্গা লোকাল এবার থেকে সরাসরি বনগাঁ স্টেশনে পৌঁছবে। পরবর্তীতে সেখান থেকেই ছেড়ে নিজ গন্তব্যে পৌঁছবে ট্রেন দুটি।
অবশ্যই পড়ুন: ইডেনে বাড়ল IPL টিকিটের দাম, KKR র ম্যাচ দেখতে কোন ব্লকে কত খরচ?
এদিকে ক্যানিং এবং ডায়মন্ড হারবার শাখায় যাত্রীদের দুশ্চিন্তা কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। ক্যানিং রুটে ট্রেন নম্বর 34392 এবং 30552 চাম্পাহাটি এবং ঘুটিয়ারি যাওয়ার বদলে একেবারে ক্যানিং পর্যন্ত চলবে। পরবর্তীতে সেই ট্রেন আবার ক্যানিং থেকে ছেড়ে নিজ গন্তব্যে পৌঁছবে। পাশাপাশি ডায়মন্ড হারবারের যাত্রীদের জন্য ট্রেন নম্বর 34898 শিয়ালদহ-মগরাহাট এর দূরত্ব বাড়িয়ে ট্রেনটিকে ডায়মন্ড হারবার পর্যন্ত চালানো হবে। সেই ট্রেন আবার ডায়মন্ড হারবার থেকে ছেড়ে নিজে গন্তব্য শিয়ালদহ পৌঁছবে। অনেকেই মনে করছেন, রেলের এই উদ্যোগে উপকৃত হবেন নিত্যযাত্রীরা।












