অবশেষে রেল মানচিত্রে জুড়ছে ঘাটাল? দেবের এলাকায় ছুটবে ট্রেন!

Published:

Indian Railways Ghatal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে কি মিটতে চলেছে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি? এবার কি তাহলে সত্যি সত্যিই ভারতীয় রেলের (Indian Railways) মানচিত্রে জুড়বে পশ্চিম মেদিনীপুরের এই ছোট্ট অংশ? আপাতত রেলের 2026-27 আর্থিক বছরের কনসলিডেটেড বাজেট স্টেটমেন্ট তো তেমন আশাই দেখাচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে সেই বাজেট বিবরণীর একটি পিডিএফ। সেখানেই উল্লেখ রয়েছে ঘাটাল মহকুমার সংযোগকারী নয়া রেল প্রকল্পের।

ঘাটালে তৈরি হবে নতুন রেলপথ?

সম্প্রতি ভারতীয় রেলের ওয়েবসাইটে আপলোড হওয়া বাজেট বিবরণী খতিয়ে দেখলে জানা যাবে, সেই পিডিএফে উল্লেখ রয়েছে দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলের একাধিক প্রকল্পের অর্থ বরাদ্দের। তারই এক বড় অংশে জুড়েছে ঘাটাল মহকুমার সংযোগকারী নয়া রেলপথের পরিকল্পনা। এ প্রসঙ্গে দীর্ঘদিন ঘাটালে রেলপথ তৈরির দাবিতে পথে থাকা বিদ্যাসাগর রেলপথ মিশনের সম্পাদক প্রসেনজিৎ কাপাস জানিয়েছেন, তাঁরাও রেলের ওয়েবসাইটে আপলোড হওয়া পিডিএফটি পড়েছেন। তাঁর কথায়, “রেলের তরফে আপলোড হওয়া পিডিএফটা পড়েছি। অবশেষে দীর্ঘদিনের আন্দোলন যে সফল হতে চলেছে ভেবেই খুব খুশি আমরা।”

রেলের তরফে প্রকাশিত পিডিএফে দেখানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আওতায় পাঁশকুড়া থেকে খড়গপুর পর্যন্ত 400 কিলোমিটার 700 মিটার দীর্ঘ তৃতীয় লাইনের কাজে একটি গুরুত্বপূর্ণ মেটেরিয়াল মডিফিকেশন জুড়েছে। আর এই সংশোধনের মাধ্যমেই পাঁশকুড়া থেকে ঘাটাল পর্যন্ত 32 কিলোমিটার 800 মিটার দীর্ঘ নতুন রেলপথের ব্যবস্থা করেছে রেল। রেল সূত্রে খবর, প্রথমদিকে ঘাটালের রেল প্রকল্প বাজেটে গুরুত্ব না পেলেও পরবর্তীতে সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই প্রকল্পের জন্য 429 কোটি 20 লাখ টাকা বরাদ্দ করেছে রেল।

অবশ্যই পড়ুন: ৮০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে দেওয়া হবে বিনামূল্যে স্মার্টফোন, বড় ঘোষণা রাজ্যের

এখানেই শেষ নয়, ভারতীয় রেল পূর্ব রেলের প্রকল্প তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের নতুন লাইনের যে খতিয়ান দিয়েছে সেখানেও ঘাটালের উল্লেখ রয়েছে। সব মিলিয়ে বলাই যায়, কয়েক দশক ধরে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে অবশেষে মান্যতা দিতে চলেছে রেল মন্ত্রক। বোধ হয় সে কারণেই অভিনেতা দেবের ঘাটালকে রেলপথে জুড়তে একটু একটু করে এগোচ্ছে ভারতীয় রেলওয়ে।

google button