সহেলি মিত্র, কলকাতা: বিরাট দুর্ঘটনা ঘটে গেল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। যাত্রীবাহী বিমানে কিনা ধাক্কা মারল একটি চার চাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে একটি খাবার সরবরাহকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষারত ইন্ডিগো বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
কলকাতা বিমানবন্দরে বিমানে ধাক্কা গাড়ির
দুর্ঘটনাটি বিমানবন্দরের ৫১ নম্বর পার্কিং বে-তে ঘটেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যানবাহনটি গড়িয়ে সামনে এগিয়ে গিয়ে বিমানটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এক বিবৃতি জারি করে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, “এপ্রনে থাকা একটি চালকবিহীন গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে।”
কী হয়েছিল?
তবে সেই যে কথায় আছে না রাখে হরি তো মারে কে। সেক্ষেত্রে সুরক্ষিত আছেন সকল বিমান যাত্রী। কারোর কিছু হয়নি। এই ঘটনার পর, পরিদর্শনের জন্য বিমানটিকে গ্রাউন্ডেড করা হয় এবং যাত্রীরা অন্য একটি বিমানে উঠে যান। এই ঘটনাটি নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া কানাডিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে, যেখানে উভয় পাইলটই মারা গিয়েছিলেন। ইন্ডিগো এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন যে, ৭ই এপ্রিল কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রনে তৃতীয় পক্ষের একটি চালকবিহীন গাড়ি ফুল স্পিডে এসে পার্ক করা একটি ইন্ডিগো বিমানের সঙ্গে ধাক্কা খায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। তদন্ত চলছে।
আরও পড়ুনঃ বিমানের মতো সুবিধা, সাথে খাবারও! কলকাতা-শিলিগুড়ির নতুন বাস, জানুন ভাড়া
ঘটনাটি ঘটে ৫১ নম্বর বে-তে, যেখানে বিমানটি গুয়াহাটিগামী ফ্লাইট ৬ই ৬৬৬৩-এর জন্য অপেক্ষা করছিল। বিমানটির সামান্য ক্ষতি হলেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি। বিমান সংস্থাটি অবিলম্বে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে এবং সকল যাত্রী নিরাপদে গুয়াহাটিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনাটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু আকাশেই নয়, গ্রাউন্ড হ্যান্ডলিং-এর সামান্য ভুলের কারণেও কখনও কখনও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।












