সজনে ডাটা পিষিয়ে দেওয়ায় বাঁকুড়ায় নাবালককে বেধড়ক মারধর তৃণমূল কর্মীর

Published:

Bankura
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সজনে ডাটা নিয়ে চরম বিক্ষোভ! সাইকেল চালাতে গিয়ে ডাটা পিষিয়ে দেওয়ায় এক নাবালককে তুমুল মারধর তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় (Bankura)। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর মধ্যে শোরগোল বেধে যায়। উপযুক্ত শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

নাবালককে মারধর তৃণমূল নেতার

রিপোর্ট মোতাবেক আজ সকালে বাঁকুড়া ২ নম্বর ব্লকের বদড়া গ্রামে আচমকাই ঘটে যায় এক বিপদ। সেখানকার তৃণমূল কর্মী শুভ্র কান্তি রায় তাঁর বাগানের গাছ থেকে সজনে ডাটা পাড়ছিলেন। আর ঠিক সেই সময় সাইকেল করে টিউশন থেকে ফিরছিলেন ১২ বছরের এক নাবালক। আসার সময় আচমকাই ওই নাবালকের সাইকেলের চাকার তলায় একটি সজনে ডাটা পিষে যায়। আর সেই কারণে ক্ষুব্ধ হয়ে ওই নাবালককে ব্যাপক মারধর করে তৃণমূল কর্মী শুভ্র কান্তি রায়। আশেপাশের লোকেরা ওই দৃশ্য দেখে কোনরকমে ওই নাবালককে উদ্ধার করে।

বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ পরিবারের

মাথায় ঘাড়ে একাধিক জায়গায় গুরুতর আঘাত পান ওই নাবালক। এরপর বাড়িতে ফিরে সম্পূর্ণ বিষয়টি পরিবারের লোকেদের জানালে তাঁরা প্রাথমিক চিকিৎসার জন্য বাঁকুড়া পুরসভার বহির্বিভাগে নিয়ে যায়। এবং ওই অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় সকলে। কিন্তু অভিযোগ সেখানকার পুলিশ অভিযোগ দায়ের করলেও কোনো রিসিভ কপি না দিয়েই পরিবারকে ফিরিয়ে দেয় এবং মৌখিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। যার ফলে প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। শুধু তাই নয় সমাজে শাসকদলের দাদাগিরি নিয়েও উঠতে থাকে প্রশ্ন।

আরও পড়ুন: কলকাতা থেকে আসানসোল, জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক! হুড়োহুড়ি আইনজীবীদের মধ্যে

নাবালককে পেটানোর ঘটনায় তৃণমূল কর্মী শুভ্রকান্তি রায়কে জিজ্ঞাসাবাদ করলে অকপটে তিনি স্বীকার করে নেন যে ওই নাবালককে মেরেছেন। নির্বাচনের আবহে তাঁর এই আচরণ দলের মধ্যে এক অস্থিরতা তৈরি করেছে। এমনকি দল এই বিষয়টিকে নিন্দনীয় বলেছেন। এবং তদন্তের আশ্বাস দিয়েছে। এদিকে ঘটনায় স্থানীয় বিজেপির দাবি তৃণমূলের নেতা থেকে কর্মী সকলেই অমানবিক। সাধারণকে এঁরা পশুর মত আচরণ করে। তাই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি ওই তৃণমূল কর্মীর উপযুক্ত শাস্তির দাবি করছেন।