WBCS অফিসারদের সুখবর শুনিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে পদোন্নতির নিয়মে বড় বদল করল রাজ্য সরকার! এখন মাত্র ৩ বছরেই বিডিও থেকে এসডিও পদে উন্নীত হবে আধিকারিকরা, বিরাট ঘোষণা নবান্নের (Nabanna)। জানা গিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়ার পর বুধবারই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তুমুল হইচই পড়ে গিয়েছে বিজ্ঞপ্তিতে কেন্দ্র করে।

প্রমোশনের জন্য কেটে যেত দীর্ঘ বছর

এতদিন WBCS আধিকারিকদের BDO থেকে SDO বা সাব-ডিভিশনাল অফিসার পদে উন্নীত হতে অনেকটা সময় অপেক্ষা করতে হত। অনেকসময় এই প্রমোশনের জন্য সাধারণত সাত থেকে আট বছর সময় লেগে যেত, যা অনেক ক্ষেত্রেই আধিকারিকদের মধ্যে হতাশার সৃষ্টি করত এবং যথেষ্ট সমর্থন না মেলায় আধিকারিকদের কাজের গতিও ধীরে ধীরে কমে যেত। তাই এবার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার গতি আনতে এবং সরকারি আধিকারিকদের কর্মদক্ষতা বাড়াতে এক যুগান্তকারী এবং উল্লেখযোগ্য পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ বছর দায়িত্ব পালন করলেই হওয়া যাবে SDO

গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত ব্লক স্তরে কর্মরত আধিকারিকদের পদোন্নতির জন্য ‘ফাস্ট ট্র্যাক’ নীতি গ্রহণ করা হয়েছে। জানানো হয়েছে ডব্লিউবিসিএস আধিকারিকদের ক্ষেত্রে বিডিও পদে মাত্র তিন বছর দায়িত্ব পালন করলেই এবার এসডিও পদে উন্নীত হওয়ার সুযোগ মিলবে। এবার সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবারই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। স্পষ্ট জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ করলেই SDO বা SDM পদে পোস্টিংয়ের সুযোগ পাবেন WBCS (এক্সিকিউটিভ) অফিসারেরা।

আরও পড়ুনঃ রমজান মাসে রেশন কার্ডে বিশেষ প্যাকেজের ঘোষণা রাজ্য সরকারের, কী কী মিলবে দেখুন

পে-লেভেলে ২০ শতাংশ অতিরিক্ত পদ

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিতে যোগদানের পর প্রথম দু’বছর শিক্ষানবিশ বা প্রবেশন পিরিয়ড সম্পূর্ণ করতে হবে WBCS (এগজিকিউটিভ) আধিকারিকদের। তার পর বিডিও হিসেবে তিন বছর দায়িত্ব পালন করলেই সংশ্লিষ্ট আধিকারিক এসডিও পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। শুধু WBCS নয়, রাজ্যের আরও ৯টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিস’-এর ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে সরকার। বিভিন্ন পে-লেভেলে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে একধাক্কায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারির জারি করা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজ়িকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১-এ এই পরিবর্তন আনা হয়েছে এবং এই বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব। আর এই বড় পরিবর্তনে প্রশাসনিক বিশেষজ্ঞদের আশা, এই উল্লেখযোগ্য পদক্ষেপের ফলে বহু আধিকারিক, যারা বছরের পর বছর একই পদে আটকে ছিলেন, তাঁরা এবার পদোন্নতির সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে পদমর্যাদা ও বেতনের অসামঞ্জস্যও কিছুটা কমবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now