বকেয়া DA, DR নিয়ে আরেকটি পদক্ষেপ নবান্নর

Published:

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আর এক মাসও বাকি নেই, তাই তুঙ্গে চলছে ভোটের প্রচার পর্ব। বৃষ্টি দুর্যোগের মাঝেই জনসংযোগ বৃদ্ধিতে কোনরকম ত্রুটি রাখছে না কেউই। আর এদিকে ভোটের দিনক্ষণ প্রকাশের আগেই বকেয়া DA (Dearness Allowance) মেটানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সোমবার সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ সংক্রান্ত হিসেব-নিকেশ নিয়ে বৈঠকের সূচি ঘোষণা করল অর্থ দপ্তর। বিভিন্ন দফতরকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ নবান্নের (Nabanna)।

বুধবার বৈঠক ডেকেছে অর্থ দপ্তর

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার নবান্নের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ মার্চের নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের প্রতি মাসে DA বা মহার্ঘ ভাতা এবং DR বা মহার্ঘ ত্রাণ সংক্রান্ত তথ্য সংকলনের কাজ চলছে। আর সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল, বুধবার বৈঠক ডেকেছে অর্থ দপ্তর। জানা গিয়েছে বৈঠকটি বুধবার বিকেল ৪টেয় নবান্নের অর্থ দফতরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। প্রতিটি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠকে উপস্থিত থাকতে।

বৈঠকে সভাপতিত্ব করবেন অতিরিক্ত মুখ্যসচিব

সূত্রের খবর, নবান্নের এক আধিকারিক জানিয়েছেন এই বৈঠকে উপস্থিত থাকার জন্য উচ্চশিক্ষা দফতর, স্কুল শিক্ষা দফতর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর, পরিবহণ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। উল্লেখ্য, আগের নির্দেশিকাগুলিতে সরকারি সাাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের কী ভাবে বকেয়া DA মেটানো হবে, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই আশঙ্কা করা হচ্ছে এই বৈঠকে সেই নিয়ে আলোচনা হতে পারে।

বড় জয় সরকারি কর্মচারী সংগঠনগুলির

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA বা মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। শীর্ষ আদালত চলতি বছর মার্চ এবং আগামী সেপ্টেম্বর মাসে ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে। তাই প্রশাসনিক মহলের মতে, দীর্ঘ দিনের ডিএ বকেয়া ইস্যুতে তথ্য সংগ্রহ ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে নিজেদের জয় হিসাবে দেখছিল সরকারি কর্মচারী সংগঠনগুলি। সকলের আশা এবার বকেয়া DA এবং DR হাতে মিলতে চলেছে।

আরও পড়ুন: এপ্রিল মাসে ছুটি আর ছুটি! কবে কবে বন্ধ স্কুল-কলেজ-অফিস, ব্যাঙ্ক? জেনে নিন

সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ হিসাবে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, তা নাকি সব জায়গায় সমানভাবে দেওয়া হচ্ছে না। কোথাও অর্ধেক, কোথাও আবার অর্ধেকের কম, তাই তাঁরা আবার বিষয়টি আদালতে জানাবেন। আগামী ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি হবে। জানা গিয়েছে সেই মামলায় নাকি মামলাকারীদের তরফে এই বিষয়টি তুলে ধরা হবে।

google button