এবার পেনশনভোগীদের সুখবর দিল নবান্ন, অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা

Published:

West Bengal Pension
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই রাজ্য সরকারের তরফ থেকে পেনশনভোগীদের দেওয়া হল বিরাট সুখবর (West Bengal Pension)। ভোটের আগে আর্থিক সহায়তার পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রেখে এবার পেনশনভোগীদের জন্য এককালীন অনুদান বা এক্স-গ্র্যাশিয়া ঘোষণা করেছে নবান্ন। সম্প্রতি এ বিষয়ে অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি সেই অনুযায়ী, যোগ্য পেনশনভোগীরা এবার থেকে মাথাপিছু ৩৮০০ টাকা করে এককালীন আর্থিক সহায়তা পাবে।

কারা পাবে এই সুবিধা?

নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত পেনশনভোগী ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর আগে অবসর নিয়েছে অথবা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে অবসর নিয়েছে বা এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে, তাঁরাই এই অনুদান পাবে। কিন্তু এক্ষেত্রে শর্ত রয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনভোগীর মাসিক পেনশন এবং ডিআর-এর মোট যোগফল ৪০,০০০ টাকার বেশি হওয়া চলবে না। এছাড়াও যারা অ্যাড-হক বোনাস পাওয়ার যোগ্য নয় তারা শুধুমাত্র এই এক্স-গ্র্যাশিয়ার সুবিধা পাবে। তবে এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে পারিবারিক পেনশনভোগী, বিধবা পেনশনভোগী এবং অন্যান্য যোগ্য পেনশন প্রাপকরা।

নবান্নের তরফ থেকে উৎসবের সময়কে মাথায় রেখে পেনশন মেটানোর জন্য মূলত দুটি সময়সীমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মুসলিম পেনশনভোগীদের ২০২৬ সালের ঈদ-উল-ফিতরের আগেই এই টাকা পাঠানো হবে। আর অন্য পেনশনভোগীদের ক্ষেত্রে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৬ এর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, যে সমস্ত পেনশনভোগীরা সরকারি ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পান তাদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে পোস্ট অফিস বা ট্রেজারি থেকে পেনশন নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: যুবসাথী নিয়ে নতুন আপডেট দিল নবান্ন, আবেদন করে থাকলে অবশ্যই জানুন

এই ক্ষেত্রে মিলবে না সুবিধা

এদিকে নির্দেশিকা অনুযায়ী, যারা সরকারি বা পাবলিক আন্ডারটেকিং সংস্থায় পুনরায় আবার চাকরি করছেন বা যারা অন্য কোনও উৎস থেকে বোনাস পাচ্ছেন, তারা এই অনুদানের সুবিধা পাবে না। তবে হ্যাঁ, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব স্বাক্ষরিত নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, পঞ্চায়েত এবং অন্যান্য স্থানীয় প্রশাসনের আওতায় থাকা যোগ্য পেনশনভোগীরা এই নিয়মের সুবিধা পাবে। এক কথায়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আশার আলো দেখেছে লক্ষ লক্ষ পেনশনভোগী।