প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তাইতো দিন রাত এক করে চলছে ভোট প্রচারের প্রস্তুতি। জনসংযোগ বৃদ্ধিতে এবং জনগণের সুবিধার্থে একের পর এক কর্মসূচি প্রকল্প চালু করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও কর্মসূচি করছে জেলায় জেলায়। এমতাবস্থায় SIR নিয়ে আরো এক বিস্ফোরক তথ্য উঠে এল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত নাকি শুনানি পর্বে ৬ লাখের বেশি নাম বাদ পড়ল তালিকা (Voter List) থেকে।
বাদ পড়ল একাধিক নাম
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শনিবার রাজ্যে SIR শুনানির শেষ দিন। তবে সিইও দফতর সূত্রে খবর, শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে। এদিকে শুনানি শেষে কমিশনের হিসাব বলছে আরও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এবং সেই হিসাবটি হল ৬ লক্ষ ২৫ হাজার। এখানেই শেষ নয়, আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে। কারণ, যাঁরা শুনানিতে হাজির হয়েছিলেন, তাঁদের নথি যাচাই এখনও চলছে। আগামী, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। কমিশনের তরফে জানানো হয়েছে যত সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার হিসাব কমিশন পেয়েছে, তাঁদের বেশির ভাগই শুনানিতে উপস্থিত হননি।
আরও নাম বাদ পড়ার আশঙ্কা কমিশনের
SIR শুনানিতে দু’ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছিল নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে একটি হল ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁরা নিজেদের কোনও যোগ দেখাতে পারেননি তাঁদের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি যাঁদের ২০০২ সালের তালিকায় নাম রয়েছে কিন্তু নামের বানান এবং তথ্যগত অসঙ্গতি রয়েছে তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। তবে এখনও মোট ভোটারের মধ্যে আর ১০ থেকে ১৩ লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। তাই সেক্ষেত্রে তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শেষ আপডেট বলছে এখনও পর্যন্ত তথ্য যাচাই হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের।
আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে বড় সাফল্য ED-র! বাজেয়াপ্ত আরও ১০০ কোটির সম্পত্তি
উল্লেখ্য, SIR কর্মসূচির প্রথম খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষের। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই হুলুস্থুল কাণ্ড শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে গর্জে উঠেছিলেন। কিন্তু এবার দেখা গেল SIR শুনানির পর নাম বাদ গেল ৬ লক্ষ ২৫ হাজারের। যদিও সেই বাদ পড়া নামের তালিকা বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। এদিকে কমিশনের পূর্বের সূচি অনুসারে, গত ৭ ফেব্রুয়ারি SIR শুনানির কাজ শেষ হওয়ার কথা ছিল। এবং তার সাত দিন পরে অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সব ডেডলাইন পিছোতে হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।











