প্রীতি পোদ্দার, কলকাতা: ফের তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে! প্রকাশ্যে মালদার (Malda) গ্যাস ডেলিভারি লোকেদের ভয় দেখিয়ে তাদের কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন ডেলিভারি কর্মীরা। অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত পুলিশ অফিসার। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।
গ্যাস ডেলিভারি কর্মীদের কাছ থেকে টাকা আদায়
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার মালদার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় গ্যাস ডেলিভারি কর্মীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ওঠে মনোজ কুমার ঝাঁ নামের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। জানা গিয়েছে তিনি নাকি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি কর্মীদের নানাকরম ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। কারও কাছে ৩০০০, তো কারও কাছে ১৫০০ টাকা অনলাইনে আদায় করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান কর্মীরা। কিন্তু ক্যামেরায় ভিডিও হতে দেখেই সমস্ত অভিযোগ অস্বীকার করেন পুলিশ অফিসার মনোজ কুমার ঝাঁ।
পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা পুলিশের
সুরজ সিং নামের এক ডেলিভারি ম্যান অভিযোগ করেছেন একজনের ফোন পে নম্বরে মনোজ কুমার ঝাঁ নামের ওই অফিসার সবার কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতিমাসে সেই টাকা দিতে হবে বলেও সকলকে এই হুমকিও দিয়েছেন। প্রবল বিক্ষোভ শুরু করে কর্মীরা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের। তাঁদের স্পষ্ট দাবি ওই অফিসারের বিরুদ্ধে যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিন বৃহৎ আন্দোলনের ডাক দেবেন তাঁরা।
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা দিন ঘোষণা সুপ্রিম কোর্টের, বড় নির্দেশ প্রধান বিচারপতির
প্রসঙ্গত, কিছুদিন আগেই মাছের গাড়ি থেকে পুলিশ টাকা তোলে বলে অভিযোগ করে দলীয় সভায় মন্তব্য করেছিলেন ময়নার বিজেপি বিধায়ক তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। আর সেই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ময়না থানার তরফে তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়, যা নিয়ে হুলুস্থুল শুরু হয় রাজ্য রাজনীতিতে। যদিও এই ঘটনা প্রথম নয়, এর আগেও পুলিশের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ উঠে এসেছিল।












