বন্দেমাতরম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Published:

Vande Mataram
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটার আবহে বঙ্গে কেন্দ্রের জারি করা বন্দেমাতরম (Vande Mataram) নিয়ম নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে আবেদনকারীর পক্ষ থেকে। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বন্দেমাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের নয়াবিধি

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন শুরুর পরপরই কেন্দ্রীয় সরকার, সব সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে তিন মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের ‘বন্দেমাতরম’-এর ছয় স্তবকের অনুমোদিত সংস্করণ বাজানো বা গাওয়া বাধ্যতামূলক করেছে। অর্থাৎ নতুন নতুন নির্দেশ অনুযায়ী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুহূর্তে, বিশেষ করে জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ‘বন্দেমাতরম’ পরিবেশন করতে হবে। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ভাষণ বা জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। আর এবার সেই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

কেন্দ্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের জনস্বার্থ মামলা

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শুক্রবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে বন্দেমাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলায় আইনজীবী উপাংশু সুরের দাবি গত ২৮ জানুয়ারি কেন্দ্রীয় সরকার বন্দেমাতরমের ৪ টি স্তবককে সংযুক্ত করে বিজ্ঞপ্তি জারি করেছিল। এদিকে বন্দেমাতরাম যখন রচিত হয় তখন ৬টি স্তবকই ছিল। পরবর্তীকালে ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর পরামর্শে দেশের সাম্প্রদায়িক সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে সংযোজিত ৪ টি স্তবককে বাদ দেওয়া হয়। সেইসময় থেকেই এই প্রথা চলে আসছিল। একজন প্রশ্ন কেন্দ্রের বিজ্ঞপ্তির এই সংযোজিত স্তবকগুলির ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হবে না তো? দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন: গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার আগে কড়া নির্দেশিকা জারি SSC-র

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট বন্দে মাতরম প্রসঙ্গে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, তা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। যদিও কেন্দ্রের এই নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর অনেকদিন ধরেই চলছে। এমনকি এই নির্দেশিকার পিছনে কেন্দ্রের শাসকদল বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে সব অভিযোগ উড়িয়ে সরকারের স্পষ্ট বক্তব্য, জাতীয় ঐতিহ্যের মর্যাদা রক্ষা ও প্রোটোকলের সামঞ্জস্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।এখন দেখার হাইকোর্টেই মামলা কোন দিকে মোড় নেয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now