প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, সেই কারণে রাজ্য জুড়ে শাসকদল এবং বিরোধীদলের মধ্যে চলছে তুমুল ব্যস্ততা। আর এই ডামাডোল পরিস্থিতির মাঝে আচমকা রাজ্যপাল (West Bengal Governor) পদ থেকে বৃহস্পতিবারই ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র পাঠানো হলে তা গ্রহণ করা হয়। কিন্তু ভোটমুখী বঙ্গে কেন আচমকা এই পদত্যাগ রাজ্যপালের, সেই কারণ এখনো স্পষ্ট হয়নি, এমনকি এ বিষয়ে সিভি আনন্দ বোস নিজেও কোনও মন্তব্য করেননি। এমতাবস্থায়, বোসের ইস্তফার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (R N Navi) ।
কে এই আরএন রবি?
আর এন রবির জন্ম পটনায়। ১৯৭৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন এবং ১৯৭৬ সালে IPS-এ যোগ দেন। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দায়িত্বও সামলেছিলেন। পাশাপাশি দেশের গোয়েন্দা বিভাগ IB-এ কাজ করার সময়ে জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত এলাকায় বিদ্রোহ দমন করেন তিনি। এমনকি সন্ত্রাস দমনে আন্তর্জাতিক মহলের সঙ্গে গোপন তথ্য বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আরএন রবি।
স্ট্যালিনের সরকারের সঙ্গে তুমুল সংঘাত
প্রাক্তন IPS অফিসার আরএন রবি এর আগে মেঘালয়, নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন। এছাড়া তিনি উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর ১৫তম এবং বর্তমান রাজ্যপাল তিনি। বিজেপি-বিরোধী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগ, বিল আটকে রাখা এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET বিল নিয়ে বিতর্কের জন্য তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আর এবার সেই আর এন রবিকেই বঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হল। অন্যদিকে কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এখনও নিখোঁজ বায়ুসেনার যুদ্ধ বিমান সুখোই, ভেঙে পড়েছিল অসমে
উদ্বেগ প্রকাশ মমতার
প্রসঙ্গত, গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স-হ্যান্ডলে লেখেন, ‘রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীর ভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণগুলি এই মুহূর্তে আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতিতে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, শ্রী আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু এই নিয়ে কখনও আমার সঙ্গে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে।”
I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026












