বাংলা থেকে ২৮টি বিশেষ ট্রেন ঘোষণা রেলের, জানুন রুট

Published:

Election special train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর। বিশেষ করে আপনিও যদি ভিন রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং ভোটের জন্য বাংলায় আসবেন বলে ঠিক করেছেন তাহলে রেলের ঘোষণায় (Election special train) মন খুশ হয়ে যাবে আপনার। ভোটের সময়ে যাতে মানুষের বাংলায় আসা যাওয়া করতে কোনও অসুবিধা না হয়, সেজন্য একগুচ্ছ ট্রেনের ঘোষণা করেছে রেল। আগামী এপ্রিল মাস থেকে চলবে বিশেষ ট্রেনগুলি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

ভোটের জন্য একগুচ্ছ ট্রেনের ঘোষণা

রেল সূত্রে খবর, গোটা এপ্রিল মাসে ২৮টি বিশেষ ট্রেন চালানো হবে বহু রুটে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল,২০২৬ অবধি চলবে ট্রেনগুলি। কিছু ট্রেন যেমন সাপ্তাহিক রয়েছে তো কিছু ট্রেন আবার সপ্তাহে দুবারও চলবে বলে খবর। ট্রেনগুলি হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ছাড়বে বলে খবর। মূলত নির্বাচনের সময়ে বাংলার বাসিন্দা যারা ভিন রাজ্যে কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন তাঁরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন, সেজন্য এই ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে।

কী জানাচ্ছে রেল? রইল রুট

সূত্রের খবর, বিশেষ ট্রেনগুলি পটনা, হাজিপুর, অসম, মুম্বই, ওড়িশা, সেকেন্দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর, তিরুঅনন্তপুরম-সহ দেশের নানা রুটে চলবে। রুট সম্পর্কে বললে, রেল জানিয়েছে, আপ-ডাউন হাওড়া-পটনা, লাল কুঁয়া-কলকাতা, ডিব্রুগড়-কলকাতা, সাঁতরাগাছি-মুম্বই, শালিমার-বিশাখাপত্তনম, কানপুর সেন্ট্রাল-কলকাতা, চণ্ডীগড়-সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলবে। কিছু ট্রেন আবার উত্তরবঙ্গ থেকেও মিলবে। উল্লেখ্য, বাংলায় ২৬-এর বিধানসভা ভোট দুই দফায় হবে। একটি হবে ২৩ এপ্রিল এবং অন্যটি হবে ২৯ এপ্রিল, ২০২৬-এ।

 

google button