শালিমার স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত লোকাল ট্রেন, ভাঙল প্ল্যাটফর্ম! বন্ধ পরিষেবা

Published:

Shalimar Railway Station train accident
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রেল দুর্ঘটনার খবর। বুধবার, শালিমার স্টেশনে ঢোকার মুখেই আচমকা লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন (Shalimar Railway Station)। সূত্রের খবর, সাঁতরাগাছি থেকে আসার সময় শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখেই আচমকা লাইনচ্যুত হয়ে যায় লোকাল ট্রেনটির একটি কামরা। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। ট্রেন দুর্ঘটনার কারণে ভেঙে গিয়েছে প্লাটফর্মের একাংশ। তবে হতাহতের খবর মেলেনি।

বন্ধ ট্রেন চলাচল

সকাল সকাল শালিমারগামী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত (Train Accident) হওয়ায় বর্তমানে বন্ধ রয়েছে সাঁতরাগাছি-শালিমারের নির্দিষ্ট লাইনের ট্রেন চলাচল। তাতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকেই ঘুর পথে বাসে কিংবা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট এ করে গন্তব্যে পৌঁছচ্ছেন। আচমকা ট্রেনের বগি লাইন থেকে সরে যাওয়ার ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, “স্বস্তির খবর ওই ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। শালিমারের 3 নম্বর প্লাটফর্মের কাছে আসতেই হঠাৎ লোকাল ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়ে ঘষতে ঘষতে প্লাটফর্মে ঢোকে। যেই ঘটনায় প্ল্যাটফর্মের কিছু অংশ ভেঙে গিয়েছে।”

ওই রেল আধিকারিকের বক্তব্য, “লোকাল ট্রেনের কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় শালিমারের ওই প্লাটফর্মে উপস্থিত যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে চিন্তার কোনও কারণ নেই। এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। লাইনচ্যুত কামরাটিকে ইতিমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। কোনও যান্ত্রিক ত্রুটির কারণে নাকি ট্রেন চালকের ভুলে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

অবশ্যই পড়ুন: বিশ্বকাপের মাঝে হঠাৎ বিশ্রামে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ৩ তারকা ক্রিকেটার!

উল্লেখ্য, সাম্প্রতিককালে দেশে রেল দুর্ঘটনা লাফিয়ে বেড়েছে। গত বছর একের পর এক এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনের ভয়ানক দুর্ঘটনা দেখেছেন দেশবাসী। এইতো কিছুদিন আগেই ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়, চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। সেই সময় ট্রেনের তিন কামরায় প্রায় 400 জন যাত্রী ছিলেন। তিনটি কামরা লাইনচ্যুত হওয়ায় আহত হয়েছিলেন অনেকেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now