ভোটের আগেই সাড়ে ১২ হাজার শিক্ষক নিয়োগ করছে এসএসসি

Published:

SSC Teacher Recruitment
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দুয়ারে কাড়া নাড়ছে বাংলার বিধানসভা নির্বাচন। তবে তার আগেই অর্থাৎ মার্চের শুরুতেই একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে (SSC Teacher Recruitment)। আর এবার মোট ১২,৪৪৫ শূন্যপদে নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের কাছে হিসাব পাঠিয়েছে। এর মাধ্যমে চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট ৮,২৯৯ জন নিজেদের পদ ফিরে পেতে চলেছেন। কিন্তু ৫০০টি শূন্যপদ নিয়ে রয়েছে সমস্যা। আর সেই সমস্যার সমাধান করতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এসএসসি কাউন্সিলিং শুরু করব বলে খবর।

৩১ আগস্টের মধ্যেই সম্পন্ন করতে হবে নিয়োগ

প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছিল। তবে পরে শীর্ষ আদালতে আর্জি করে আরও ৮ মাস সময় বাড়িয়ে নেয় এসএসসি। সেই সূত্র এবার একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য। তারপরেই হবে নবম-দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া। তবে যেহেতু সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, তাই অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভোট ঘোষণা হলে নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা হবে না তো? তবে ওয়াকিবহাল মহল বলছে, আগস্টের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বলাই বাহুল্য, উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগ পরীক্ষা হয়েছিল ২০২৫ এর ১৪ সেপ্টেম্বর, আর ফল প্রকাশিত হয় ৭ নভেম্বর। কিন্তু তথ্য যাচাই থেকে শুরু করে ইন্টারভিউ নিয়ে একাধিক জটিলতা থাকে। ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে এই প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট এসএসসি-কে জানিয়েছিল, ১৫ জানুয়ারির মধ্যেই তারা নিয়োগের সুপারিশপত্র দেবে। আর শীর্ষ আদালতের নির্দেশে কিছু প্রার্থীর ইন্টারভিউও নিয়েছিল কমিশন। তবে সেক্ষেত্রে কিছু দাগি প্রার্থীকে চিহ্নিত করে এসএসসি তালিকা থেকে বাদ দেয়, আর দফতরের কাছ থেকে শূন্যপদের পরিসংখ্যান হাতে পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন স্ক্রুটিনি চালাবে বলেও খবর।

আরও পড়ুন: তারেকের শপথগ্রহণে আমন্ত্রিত প্রধানমন্ত্রী মোদী, সম্পর্ক শুধরাবে ভারত-বাংলাদেশের?

বলে দিই, রাজ্যস্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে চলেছে আগামী ১ এবং ২৮ মার্চ। তার আগে অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় রয়েছে মোট ৫৪৪ জন। যার মধ্যে গ্রুপ সি-তে ২৮৮ জন এবং গ্রুপ ডি বিভাগে ২৫৬ জন। ইতিমধ্যেই দাগিদের আবেদন বাতিল করেছে এসএসসি। এর আগেও মোট ৩,৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হয়েছিল এসএসসি-র তরফ থেকে। সেক্ষেত্রে গ্রুপ সি-তে ছিল ১,৩৬৩ জন আর গ্রুপ ডি-তে ছিল ২,৩৪৯। এখন চাকরিপ্রার্থীদের নজর থাকবে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now