প্রীতি পোদ্দার, কলকাতা: দোলের আবহে চারিদিকে উৎসবের আমেজ, কিন্তু তার মাঝেই ঘটে গেল ভয়ংকর বিপদ। মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটা বাড়ির একাংশ (Old House Breaks Down)। সৌভাগ্যবশত ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু সাতসকালে এই ভয়ংকর ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে এসেছে পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী।
সাতসকালে ভেঙে পড়ল বাড়ি
সাতসকালে আবির, রঙের মেজাজে যখন সকলে মাতোয়ারা, ঠিক সেই সময় পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের বাড়ির একটা একাংশ। বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। যদিও ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। এমনকি ছুটির দিনে বাইরে কেউ না থাকার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর স্থানীয়দের দাবি। এছাড়াও প্রত্যক্ষদর্শীরাও অভিযোগ করে আসছে যে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একটা অংশ একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় পার্কস্ট্রিট থানায় যোগাযোগ করা হয়।
ভূমিকম্পের জেরে ভাঙল বাড়ি!
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার কলকাতায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। সেই সময়েই বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়ে। তার জেরেই এদিন সকালে ছাদের অংশ থেকে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। যদিও এখনও সঠিক কারণ জানা যায়নি যে কীভাবে ঘটনাটা ঘটল। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে পুলিশ, ধ্বংসাবশেষ এর চারিদিকে আটকে দেওয়া হয়েছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে শহরে এমন বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। বারবার এই ধরনের ঘটনা ঘটায় সতর্কতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মনে।
আরও পড়ুন: সফল হল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান, কবে গড়াবে চাকা?
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে ভেঙে পড়েছিল কংক্রিটের চাঙড়। ভাগ্যক্রমে সেই সময় ওই জায়গায় কেউ যাতায়াত করছিল না তার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় পথচারী এবং গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, ভূমিকম্পের জেরেই কি তবে স্টেশনের কংক্রিটের চাঙর ভেঙে পড়েছে? তবে এখনও এই বিষয়ে মেট্রোর তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।












