প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ভোটকর্মীদের জন্য এলাহি ভুরিভোজের আয়োজন পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)! মেনুর রেট ঠিক করতে ডাকা হল টেন্ডার। ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবে। এরপর মার্চের প্রথম সপ্তাহেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। তাই চলছে তুমুল ব্যস্ততা। এই অবস্থায় ভোট কর্মীদের মনোবল বাড়াতে এবং দীর্ঘক্ষণ কাজের ধকল সামলাতে জেলাশাসকের দপ্তরে এলাহী খাবারের আয়োজন করা হয়েছে।
ভোটকর্মীদের জন্য মোট ৪৯টি পদের আয়োজন
সূত্রের খবর, নির্বাচনের সময় ভোটকর্মীদের খাবারের সুব্যবস্থা করতে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা হয়েছে। আর সেই টেন্ডারে টিফিন, লাঞ্চ ও ডিনারের মোট ৪৯টি পদের উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়েছে। জানা গিয়েছে টিফিনে ১৯টি মেনু, লাঞ্চে ১২ রকমের পদ এবং ডিনারের জন্য ১৮টি পদের উল্লেখ রয়েছে দরপত্রে। চাইনিজ থেকে কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান থেকে সাধারণ বাঙালি পদ, এমনকী গুজরাটি খাবারের হরেক পদ থাকবে ভোটকর্মীদের জন্য। অবাক করা বিষয় হল এই এলাহি আয়োজন এর আগে বড় কোনও হোটেল বা রেস্তরাঁয় করা হয়নি।
থাকছে লোভনীয় একাধিক পদ
জানা গিয়েছে টিফিনের পদগুলোতে থাকবে চা, বিস্কুট, কেক, কলা, ডিম, পেস্ট্রি এছাড়াও থাকবে এগরোল, চিকেন রোল, চাউমিন, ধোসা, ভেজ মোমো, ননভেজ মোমো, দইবড়া, ধোকলা, সিঙাড়া, ভেজ চপ, স্যান্ডউইচ। এবং দুপুরের খাবারে থাকবে ভাত, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, মাছের ঝোল, চিকেন কারি, পনির কারি, চাটনি, মিষ্টি, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চিকেন চাপ, মটন বিরিয়ানি, মটন কষা, মটন চাপ, ফ্রায়েড রাইস, রেশমি চিকেন কাবাব, ভেজ স্যুপ, আলুর দমের মতো পদ।
ভোট কর্মীদের জন্য রাতের মেনুতে থাকবে ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনির কারি, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মটন বিরিয়ানি, মটন চাপ, পনির বিরিয়ানি, রুটি, চিলি চিকেন, পোলাও, শাহী পনির, ফিশ ফিঙ্গার, ভেজ মাঞ্চুরিয়ান, বাটার চিকেন, তন্দুর রুটি, চিকেন তন্দুরির মতো পদ। সব কিছুর জন্য কত রেট পরে তার জন্য ডাকা হয়েছে টেন্ডার।
আরও পড়ুন: বাড়ির দেওয়ালে বল লাগায় শিশুদের উপর গুলি বর্ষণ মুর্শিদাবাদের শিক্ষকের! আহত এক
ভোটকর্মীদের জন্য এলাহি এই খাবারের আয়োজন নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বুথে যে ভোটর্মীরা নিযুক্ত থাকেন তাঁদের এই খাতে নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। তাঁদের খাবার দেওয়ার পাশাপাশি অন্যান্য কর্মী-আধিকারিক যাঁরা ভোটের কাজে যুক্ত থাকবেন তাঁদের জন্য এই খাবার সরবরাহ করা হয়। সেক্ষেত্রে এই খাবার যে রেটে দেওয়া হবে, সেই হারেই ভাতা পাবেন নিযুক্ত ভোটকর্মীরা। সেই কারণে এই টেন্ডার ডাকা। এখন দেখার কোন টেন্ডার কত রেটে এই এলাহি খাবারের প্রস্তুতির জন্য আবেদন করে।












