সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Election) দিনক্ষণ ঘোষিত হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে নির্বাচন। তবে তার আগেই রাজ্যের প্রশাসনিক বিভাগে একাধিক রদবদল করছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই সূত্রে এবার পুলিশের শীর্ষস্থরের রদবদল। গতকাল রাতেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বদল করেছিল কমিশন। এবার কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকেও বদলি করা হল।
ভোটের আগে পুলিশস্তরে রদবদল
রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে বদলি করেছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। জানা যাচ্ছে, ডিজি এবং ভারপ্রাপ্ত আইজিপি পদে তাঁকেই নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে। তাঁর জায়গায় নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। এমনকি সোমবার দুপুর তিনটের মধ্যেই নতুন পুলিশ কমিশনার এবং ডিজিকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে কমিশন।
এদিকে গতকাল রাতে রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। তাঁর জায়গায় দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ করা হয়। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মীনাকেও সরানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। সেই সূত্রে গতকালই আঁচ করা যাচ্ছিল যে, রাজ্যের পুলিশস্তরেও রদবদল করতে পারে নির্বাচন কমিশন। সেই ভাবনাই সত্যি হলো আজ।
আরও পড়ুন: ৪ মে ভোটের ফল ঘোষণা, কলকাতায় হচ্ছে না ইস্ট-মোহনের ISL ডার্বি? বড় খবর
উল্লেখ্য, কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত অজয় নন্দ আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত ছিলেন। আর মাওবাদী দমনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি আসানসোল ও দুর্গাপুর কমিশনার হিসেবেও তিনি একসময় কাজ করেছেন। আর কলকাতা পুলিশেও একসময় নিযুক্ত ছিলেন। এদিকে গতকাল বিকালে দিল্লি থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। এবারের ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং কোনও রকম জটিলতা না হয় তার জন্যই নির্বাচন কমিশন একের পর এক বড়সড় পদক্ষেপ নিচ্ছে।












