সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা সহ নানা শহরে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে Uber Shuttle বাস পরিষেবা। এদিকে এই বাস পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বহু অফিসযাত্রী। আবারও সেই ঘেমে নেয়ে ট্রেনে, বাসে ভিড় ঠেলে অফিস যেতে হচ্ছে সকলকে। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনে যদি অতিরিক্ত বাস না দেওয়া হয় তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। যদিও এই উদ্বেগের মাঝেই এবার বড় খবর রইল বাস যাত্রীদের জন্য। বিশেষ করে আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন এবং এতদিন Uber Shuttle-এর বাস পরিষেবা উপভোগ করে থাকেন তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। সূত্রের খবর, নতুন সপ্তাহ থেকেই নাকি কলকাতা শহরের রাস্তায় বেশ কিছু বাস (Kolkata Shuttle Bus) নামাতে চলেছে দুটি সংস্থা।
কলকাতায় শুরু হচ্ছে আরও শাটল বাস?
কলকাতা, রাইড-হেইলিং প্ল্যাটফর্ম Uber শুক্রবার থেকে শহরে তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন বহু অফিস যাত্রী। তবে আর চিন্তা নেই, কারণ সকলের মুশকিল আসা করতে এবার অ্যাপ-ভিত্তিক বাস যাতায়াত পরিষেবা প্রদানকারী Cityflo আগামী ৬ই এপ্রিল থেকে প্রায় ৩০০টি বাস নিয়ে কলকাতায় শাটল পরিষেবা চালু করবে। এটি অফিসযাত্রীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা দেবে বলে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।
শুধু তাই নয়, সাধারণ যাত্রীদের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করেছে কলকাতা পুলিশও। ১৪ আসনের যে এসইউভিউ গাড়িগুলি শাটল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলিকে আগামী দিন থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভার ব্যবহার করতে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ২০১৫ সাল থেকে চালু হওয়া এবং বর্তমানে মুম্বাই, দিল্লি ও হায়দ্রাবাদ জুড়ে প্রতিদিন প্রায় ১,০০০ বাস পরিচালনাকারী সিটিফ্লো জানিয়েছে যে, নিয়মিত যাত্রীদের অসুবিধা কমাতে কলকাতা পরিষেবাটি মূলত সেইসব রুট, সময় এবং স্টপেই চলবে, যেগুলিতে আগে উবার শাটল পরিষেবা দিত।
সিটিফ্লো-র সিইও এবং কো ফাউন্ডার জেরিন ভেনাদ বড় তথ্য দিয়েছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা ৬ই এপ্রিল কলকাতায় ৩০০টি বাস চালু করছি, যেগুলি মূলত উবার শাটলের চলাচল করা রুট, সময় এবং স্টপগুলিতেই পরিষেবা দেবে, যা কর্পোরেট যাত্রীদের অসুবিধা ন্যূনতম রাখবে।’
আরও পড়ুনঃ প্রথমবার ট্রেনে করে নাথুলা, সিকিমে রেলপথের জন্য প্রস্তুতি শুরু
আসলে বিগত কয়েক বছরে Uber Shuttle-এর বাস পরিষেবা অনেকের লাইফলাইন হয়ে দাঁড়িয়েছিল। এই বাসে করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া খুবই আরামদায়ক এবং সুবিধের ছিল। তবে আচমকা সংস্থার তরফে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বেহালা চৌরাস্তা, হাওড়া, শিবপুর, যাদবপুরের মতো বিভিন্ন প্রান্ত থেকে সল্টলেক, নিউটাউনে যাওয়া অফিস যাত্রীরা। তবে আর নয়, কারণ শীঘ্রই দুই সংস্থা, কলকাতা পুলিশের তরফে নতুন শাটল পরিষেবা শুরু করা হবে বলে খবর। দুটি নতুন অ্যাগ্রিগেটর সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বেহালা চৌরাস্তা থেকে সেক্টর ফাইভ কিংবা যাদবপুর থেকে নিউ টাউনের যাত্রীরা আবারও অ্যাপের মাধ্যমে আসন বুক করে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।












